
প্রচুর বই থাকার পরও গ্রন্থাগারিক না থাকায় রংপুরে দেড় শ বছরের পুরোনো পাবলিক লাইব্রেরিতে বই পড়া কার্যক্রম ছয় বছর ধরে বন্ধ আছে। শুধু চালু রয়েছে দৈনিক পত্রিকা পড়ার কার্যক্রম। একজন তত্ত্বাবধায়কের মাধ্যমে গ্রন্থাগারটি প্রতিদিন খোলা রাখা হয়।
গ্রিক স্থাপত্য রীতির এই গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত হয় ১৮৫৪ সালে। মাঠসহ গ্রন্থাগারের মোট জমির পরিমাণ ১ একর ৬০ শতাংশ। একময় অনেক মূল্যবান ও দুর্লভ বই ছিল গ্রন্থাগারে। বই ছিল প্রায় ১০ হাজার। যত্নের অভাবে মহাত্মা গান্ধীর দুর্লভ ছবির একটি অ্যালবামসহ অনেক বই নষ্ট হয়ে গেছে। কিছু বই চুরি হয়ে গেছে। বর্তমানে প্রায় সাড়ে তিন হাজার বই আছে বলে গ্রন্থাগার সূত্রে জানা গেছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, গ্রন্থাগারিক না থাকলেও এটি পরিচালনা করে জেলা প্রশাসন। বর্তমানে গ্রন্থাগারটির দায়িত্বে আছেন আজিজুল ইসলাম নামের একজন তত্ত্বাবধায়ক। সপ্তাহের সোমবার ছাড়া প্রতিদিন খোলা থাকে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত। এখানে বই থাকলেও বই দেওয়া হয় না। অবশ্য পাঠকেরা প্রতিদিন দৈনিক পত্রিকা পড়তে পারেন। জেলা প্রশাসনের দপ্তর থেকে আড়াই হাজার টাকা মাসিক বেতন ও এক ব্যক্তির নিজ উদ্যোগে মাসে আরও দুই হাজারসহ তত্ত্বাবধায়ককে সাড়ে চার হাজার টাকা বেতন দেওয়া হয়।
এদিকে গ্রন্থাগারিকের পদ থাকলেও ২০০৮ সাল থেকে সেটি শূন্য আছে। ফলে সেখানে সবার জন্য উন্মুক্ত বই পড়া বন্ধ হয়ে যায়। আজিজুল ইসলাম বলেন, ‘প্রতিদিন নিয়মিত লাইব্রেরি খুললেই অনেক মানুষ আসেন বই পড়ার জন্য। তাঁরা বই না পেলেও পত্রিকা পড়ছেন।’

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, একটি কক্ষে ২৫টি ছোট-বড় পুরোনো আলমারিতে বইগুলো রাখা হয়েছে। আলমারিগুলোতে তালা দেওয়া। একটি কক্ষে বড় একটি টেবিলে একসঙ্গে আটজন পাঠক দৈনিক পত্রিকা পড়ছেন। এ সময় কথা হয় শিক্ষার্থী মোমিনুল ইসলামের সঙ্গে। সে বলে, প্রতিদিনই আসি পত্রিকা পড়তে। বই পড়া কার্যক্রম চালু হলে ভালোই হতো। গেরিলা থেকে সম্মুখ যুদ্ধ বইয়ের লেখক এ কে এম মাহবুব উল আলম বলেছেন, ‘এই লাইব্রেরির আছে অনেক ইতিহাস, আছে ঐতিহ্য। পড়ুয়াদের হাতের ছোঁয়ায় বইগুলো আবার প্রাণ ফিরে পাক এই প্রত্যাশা করি।’
রবীন্দ্র গবেষক শাশ্বত ভট্টাচার্য বলেন, ‘গবেষণা করে জানতে পেরেছি, অবিভক্ত ভারতবর্ষের পাঁচটি প্রাচীন লাইব্রেরির মধ্যে এটি একটি। এই লাইব্রেরি আমাদের প্রয়োজনে আমাদেরই টিকিয়ে রাখতে হবে।’
কবি ও লেখক এম এ বাশার বলেন, ‘রংপুরের গর্ব হলো আমাদের এই লাইব্রেরি।’
পাবলিক লাইব্রেরির বিভিন্ন সমস্যা ও সমাধান প্রসঙ্গে জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘এই লাইব্রেরিটি পরিচালনা করার জন্য খুব শিগগির একটি অ্যাডহক (আহ্বায়ক) কমিটি গঠন করে দেওয়া হবে। লাইব্রেরির মূল প্রাণ বই পড়ার পাঠদান চালু করার জন্য আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। এর পরও কিছু দৈনিক পত্রিকা রেখে লাইব্রেরিটি প্রতিদিনই খোলা রাখা হচ্ছে।