আলোর পাশেই অন্ধকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সবচেয়ে অভিজাত এলাকা গুলশান-বনানীর পাশে রাজধানীর অন্যতম জনবহুল ও ঘনবসতিপূর্ণ কড়াইল বস্তি। ভিভিআইপি ও বিত্তশালীদের পাশাপাশি নিম্নবিত্তদের সহাবস্থান। অভিজাত এলাকায় নাগরিক সুবিধার সংকট তেমন না থাকলেও গুলশান-বনানীর ‘পাশের গ্রাম’ হিসেবে পরিচিত কড়াইল বস্তিতে সমস্যার অন্ত নেই। এ যেন আলোর পাশেই অন্ধকার।
ছোট ছোট ঘরে ছয় থেকে আটজন লোকের মানবেতর জীবনযাপন। সারিবদ্ধ ঘরগুলোর পাশ দিয়ে যে পথ রয়েছে, সেখানে পাশাপাশি দুজনের হাঁটা প্রায় অসম্ভব। বস্তি থেকে অন্যান্য এলাকার সঙ্গে যোগাযোগের সুব্যবস্থা নেই। নৌকায় করে নোংরা জলাধার পেরিয়ে যেতে হয় গুলশানে। এ যেন ‘ঈশ্বর থাকেন ঐ গ্রামে, ভদ্রপল্লীতে, এইখানে তাঁহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।’—মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝিতে করা উক্তিটির বাস্তব রূপ।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত গুলশান ১ ও ২, বনানী ও কড়াইল এলাকা। কড়াইল বস্তিতে প্রায় ৪০ হাজার পরিবারের বসবাস। সেখানে কখনোই গ্যাস, বিদ্যুৎ বা পানির বৈধ সংযোগ ছিল না। কিন্তু এখানকার প্রায় সব পরিবার চোরাই বা অবৈধ সংযোগে এসব সুবিধা ভোগ করছে বছরের পর বছর। প্রতিটি গ্যাস সংযোগের জন্য এককালীন দুই হাজার টাকা নেওয়া হয়েছে। প্রতি মাসে নেওয়া হয় ৫০০ টাকা করে। পানিও কিনতে হয় সবাইকে।
বস্তিবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, ৯০ একরের এই বস্তির মানুষেরা কিছু সন্ত্রাসী ও বিভিন্ন সেবা সংস্থার অসাধু কর্মকর্তাদের কাছে জিম্মি। স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে মাদক ব্যবসা চলে এখানে। রাজনৈতিক সভা-সমাবেশে এখানকার বাসিন্দাদের নিয়ে যাওয়া হয়। কেউ যেতে না চাইলে জোর করা হয়, কথায় কথায় উচ্ছেদের হুমকি দেওয়া হয়। ভয়ে কেউ মুখ খুলতে চান না।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, কড়াইল গুদারাঘাট পুলিশ বক্সের পাশ দিয়ে কয়েকটি পানি সংযোগের পাইপ লেকের ভেতর দিয়ে চলে গেছে বস্তিতে। বাঁশের খুঁটির সাহায্যে লেকের ওপর দিয়ে বিদ্যুৎসংযোগের তার টেনে নেওয়া হয়েছে। এ ছাড়া ‘জ’ ব্লকের একটি ট্রান্সমিটার থেকেও বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছে। এভাবে সংযোগ নেওয়ার সঙ্গে বিদ্যুৎ বিভাগের অসাধু কর্মকর্তারা জড়িত বলে অভিযোগ।
গুলশান-বনানীর আধুনিক স্থাপত্যের বাড়ি দেখে যেমন চোখ জুড়িয়ে যায়, তেমনি এখানকার এবড়োখেবড়ো সড়ক দেখে বরং ভড়কে যেতে হয়। দীর্ঘদিন ধরে সড়কগুলোর সংস্কার নেই। গুলশান-১-এর ১৮, ১৯, ২০, ২১ ও ২২ নম্বর সড়ক কাদাপানিতে একাকার। স্থানীয় বাসিন্দা রবিউল আলমের ভাষ্যমতে, দুই বছরেরও বেশি সময় ধরে এসব সড়কের এই দশা। অনেকবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি। খোঁড়াখুঁড়ির কারণে সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় ব্যবসায়ী ইয়াসিন আরাফাত বলেন, ‘খোঁড়াখুঁড়ির কারণে ১০৪, ৯৬ ও ৯৪ নম্বর সড়কেরও একই দশা। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়।’
খোঁড়াখুঁড়ির কারণে বনানীর এফ ব্লকের ৭ ও ৭-বি নম্বর সড়ক দুটিরও বেহাল দশা। সেখানকার একাধিক বাসিন্দা জানান, বৃষ্টি হলেই সড়কগুলো পানিতে ডুবে যায়। তখন ভোগান্তির শেষ থাকে না।