আলোর প্রতীক্ষায় আট বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আট বছর আগে টায়া (টাকা) জমা দিছি। রাস্তার পাশ দিয়ে খুঁটি পুঁতিছে, তারও টানাইছে। সেই দেহাদেহি গিরামের অনেকেই টায়া-পয়সা খরচ করে ঘরের মদ্দি তারতুর নাগায়ে ঠিক করিছে। কিন্তু কারেন দেচ্ছে না। এহোন আমরা কী অরব (করব), কারে কলি কাজ হবেনে, তুমরা বাপু কিছু কতি পারো?’ এভাবেই বলছিলেন নড়াইলের কালিয়া উপজেলার তেলিডাঙ্গা গ্রামের হাসিব সমাদ্দারের স্ত্রী সাবিনা ইয়াসমিন। একই অবস্থা ইসলামপুর গ্রামেও।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইল পল্লী বিদ্যুৎ সমিতি কালিয়া উপজেলার মাউলি ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিতে ২০০৩ সালে তেলিডাঙ্গা ও ইসলামপুর গ্রামে বিদ্যুতের খুঁটি বসিয়ে তার টানায়। এই লাইনে পাঁচ কিলোমিটার দূরের চাঁদেরচর বাজার থেকে বিদ্যুতের সংযোগ দেওয়ার কথা। কিন্তু ট্রান্সফরমার না থাকার অযুহাতে আট বছরেও ওই দুটি গ্রামে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়নি। এতে প্রায় দুই শতাধিক পরিবার সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। এ ছাড়া প্রায় ৫০ একর জমি সেচের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।তেলিডাঙ্গা গ্রামের সৈয়দ শরিফুল ইসলাম জানান, চাঁদেরচর বাজার থেকে তেলিডাঙ্গা হয়ে ইসলামপুর পর্যন্ত ১৫৭ জন গ্রাহক সংযোগ নিতে ২০০৩ সালে পল্লী বিদ্যুতের কার্যালয়ে ৫৫ হাজার টাকা জমা দেন। সে সময় খুঁটিসহ তারও টানানো হয়েছে। সংযোগ নেওয়ার আশায় গ্রামের প্রায় প্রতিটি পরিবার প্রস্তুতি সম্পন্ন করেছে। বিদ্যুৎ সরবরাহ চালু করতে আট বছর ধরে সংশ্লিষ্ট কার্যালয়ে ধরনা দিয়েও কোনো কাজ হয়নি। সেখানে গেলেই কর্তৃপক্ষ ট্রান্সফরমার নেই বলে কিছুদিন ধৈর্য ধরতে বলে।পল্লী বিদ্যুৎ সমিতি নড়াইলের ব্যবস্থাপক শাহাজান কবির জানান, ট্রান্সফরমার-স্বল্পতার কারণে যেহেতু দীর্ঘদিন ধরে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়নি, সে কারণে লাইনে নানা সমস্যা থাকতে পারে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। শিগগিরই ওই এলাকায় বিদ্যুতের সংযোগ দেওয়া হবে।