আলোর মিছিলে শহীদদের স্মরণ
আলোর মিছিলে স্মরণ করা হলো একাত্তরের ২৫ মার্চের কালরাতের শহীদদের। দাবি জানানো হলো ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে প্রতিষ্ঠার।
গতকাল মঙ্গলবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে ভয়াল কালরাতকে স্মরণ করল মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, রাজনীতিক ও তরুণ প্রজন্ম। এই অনুষ্ঠানের আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
প্রথমে শহীদদের শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন বিশিষ্টজনেরা। এরপর শুরু হয় আলোর মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শহীদ বেদিতে মশাল-মোমবাতি রেখে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। মশাল প্রথম প্রজ্বালন করেন শহীদ আলীম চৌধুরীর মেয়ে নুজহাত চৌধুরী ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর বলেন, ‘এই রাষ্ট্র শেষ পর্যন্ত আমাদের। মৃত্যু পর্যন্ত আমাদের। মনে রাখতে হবে, কাউকে আমরা এই দেশ বন্ধক দিইনি।’
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার সরকারের এই আমলেই শেষ হবে। জামায়াতও নিষিদ্ধ হবে এবং এ প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, লড়াইয়ের মূল নীতি ‘হয় মার, নয় মর’। এর মাঝামাঝি কিছু নেই। হয় মুক্তি, নয় মৃত্যু।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ, শিল্পী হাশেম খান, বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়শা খানম ও ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা আমীর-উল ইসলাম, অধ্যাপক অজয় রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর, হারুন হাবিব, গোলাম কুদ্দুস, ইমরান এইচ সরকার, নুজহাত চৌধুরী প্রমুখ।