আলোর মিছিলে শোকের মাস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার, শোকের মাস আগস্ট শুরু। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করেন কিছু বিপথগামী সেনা সদস্য। এই দিনটি রাষ্ট্রীয়ভাবে শোক দিবস হিসেবে পালন করা হয়। আওয়ামী লীগ মাসজুড়েই শোক পালনের কর্মসূচি নিয়েছে।

গত রাত ১২টা ১ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বর সড়ক ধরে আলোর মিছিল দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। এতে কেন্দ্রীয় নেতা, কর্মী ও সমর্থকেরা অংশ নেন। আজ সকালে শিল্পকলা একাডেমিতে মাসব্যাপী বঙ্গবন্ধুর জীবনভিত্তিক সংবাদচিত্র প্রদর্শনী শুরু হবে। দুপুরে বনানী কবরস্থানে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে তাঁতী লীগ। বিকেলে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি নিয়েছে কৃষক লীগ। এ কর্মসূচি উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ঢাকা, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসহ সারা দেশে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে। এর বাইরে পুরো আগস্ট মাসের কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, মানববন্ধন, আলোকচিত্র প্রদর্শনী, শোক মিছিল ইত্যাদি। আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো এসব কর্মসূচি পালন করবে।

আগস্ট মাসটি আওয়ামী লীগের জন্য ঘটনাবহুল, বিয়োগান্তক। ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবার হত্যা ছাড়াও ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক সমাবেশে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়। এই হামলায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ ২২ জন প্রাণ হারান।