আলোর মুখ দেখেনি এক বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমলাতান্ত্রিক জটিলতার ফাঁদে পড়েছে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে অবস্থিত দেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর আধুনিকায়ন প্রকল্পটি।
ফলে প্রায় এক বছর গড়িয়ে গেলেও প্রকল্পটি এখনো আলোর মুখ দেখেনি। কিছুদিন আগে মাত্র প্রত্নতত্ত্ব বিভাগ থেকে ছাড় পেয়েছে প্রকল্প প্রস্তাব। এখন তা রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে।
জাতিতাত্ত্বিক জাদুঘর চট্টগ্রামের উপপরিচালক মো. আমিরুজ্জামান বলেন, ‘বাজেট স্বল্পতা ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রকৌশল শাখার যাচাই-বাছাইয়ের কারণে সময়ক্ষেপণ হয়েছে। আশা করছি, আগামী অর্থবছর থেকে প্রকল্প বাস্তবায়নের কাজে হাত দেওয়া যাবে।’
গত বছরেও ১৪ এপ্রিল ‘চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘরের জাদুঘর প্রদর্শনী উন্নয়ন, সংগ্রহ বৃদ্ধি ও আধুনিকায়ন’ শীর্ষক কর্মসূচিটি (পিপিএনবি—প্রজেক্ট প্রোপোজাল ফর নন-ডেভেলপমেন্ট বাজেট) পাঠানো হয় প্রত্নতত্ত্ব বিভাগে। বিভাগের মহাপরিচালক প্রায় এক বছর পরে ৪ মার্চ এতে স্বাক্ষর করেন। ৫ মার্চ এটি সংশ্লিষ্ট সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রস্তাবটি আর্থিক অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে যাবে এবং অনুমোদন পেলে এর বাস্তবায়ন কাজ শুরু হবে।
জাদুঘরের আধুনিকায়নে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে প্রকল্পে। ১৯৭৪ সালে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও গত ৪০ বছরে জাদুঘরের প্রচার-প্রসারের তেমন কোনো উদ্যোগই নেওয়া হয়নি। ফলে দর্শনার্থীদের আকর্ষণ করতে পারেনি এবং অনেকের কাছেই এটি অপরিচিত রয়ে গেছে। তাই প্রকল্পে বাংলা ও ইংরেজি ভাষায় জাদুঘরের পরিচিতি পুস্তিকা, অ্যালবাম, পোস্টার, ব্রোশিয়ার, পোস্টকার্ড ছাপানো, ডিজিটাল ডকুমেন্টেশন, অডিও ভিজুয়াল ডিসপ্লে, নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জাদুঘরের পরিচিতি ও অবস্থান নির্দেশক বিলবোর্ড নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে।