মহিলাবিষয়ক অধিদপ্তরের ৬৪ জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার পদ উপপরিচালক পদে এবং উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার ৪১২টি পদ ও প্রোগ্রাম কর্মকর্তার ৬৮টি পদ দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীতকরণের বিষয়টি এখনো আলোর মুখ দেখেনি। যদিও বর্তমান সরকারের আমলে এই তিনটি পদের কর্মীরা পদায়নের বিষয়ে বারবার আশ্বাস পেয়েছেন।
এ বছরের ৮ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এক চিঠিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে তিনটি পদে পদায়নের বিষয়টিতে সম্মতি দেয়। ১১ ফেব্রুয়ারি অন্য একটি চিঠিতে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার পদ উপপরিচালক হিসেবে জাতীয় বেতন স্কেল ২০০৯-এর ষষ্ঠ গ্রেডে উন্নীতকরণে সম্মতি জানায় এ মন্ত্রণালয়।
তবে গত ৩১ মার্চ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক চিঠিতে জানানো হয়, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ও প্রোগ্রাম কর্মকর্তাদের পদমর্যাদা উন্নীতকরণে হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশ থাকায় আপাতত কোনো কার্যক্রম গ্রহণ সমীচীন হবে না। জেলা মহিলাবিষয়ক কর্মকর্তাদের বিষয়ে অর্থ বিভাগ কিছু বলেনি।
পদায়নসংক্রান্ত বিভিন্ন কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৮ জানুয়ারির চিঠিতে তিনটি পদে পদায়নের বিষয়ে সম্মতি দেওয়ার পাশাপাশি কতগুলো শর্তও দেওয়া হয়। এতে বলা হয়, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ও প্রোগ্রাম কর্মকর্তা পদে শতভাগ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণযোগ্য হতে হবে। এই তিনটি পদ স্বয়ংক্রিয়ভাবে পদায়িত হবে না। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ও প্রোগ্রাম কর্মকর্তার পদে সরাসরি নিয়োগের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। মহিলাবিষয়ক অধিদপ্তরের নিয়োগবিধিতে প্রয়োজনীয় সংশোধনী আনা এবং সব আনুষ্ঠানিকতা শেষ করার পর উন্নীত পদে কর্মকর্তাদের পদায়ন করতে হবে।
জনপ্রশাসনের ৮ জানুয়ারির এ চিঠির পরিপ্রেক্ষিতে মহিলাবিষয়ক অধিদপ্তরের যাঁরা প্রকল্প থেকে রাজস্বতে স্থানান্তরিত হয়েছেন, তাঁরা শতভাগ পদ সরাসরি নিয়োগের যে কথা বলা হয়েছে, তার বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন। কেননা এটি অধিদপ্তরের বিদ্যমান নিয়োগবিধির পরিপন্থী। নিয়োগবিধি অনুযায়ী, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা পদে ৮০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে এবং ২০ শতাংশ পদোন্নতির মাধ্যমে এবং প্রোগ্রাম কর্মকর্তা পদে ৩০ শতাংশ সরাসরি নিয়োগ এবং ৭০ শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণের কথা বলা আছে।
ভুক্তভোগীরা বলছেন, হাইকোর্ট পদায়নের বিষয়ে স্থগিতাদেশ দেননি। হাইকোর্ট শুধু শতভাগ পদে সরাসরি নিয়োগের যে কথা বলা হয়েছে, তাতে স্থগিতাদেশ দিয়েছেন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনটি পদে পদায়নের সর্বোচ্চ চেষ্টা চালানো হয়েছে। তবে বর্তমানে হাইকোর্টে মামলার পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগের আপত্তির কারণে পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না।