আলোহীন চোখে আলোর খোঁজে

পাঁচ ভাইবোনের তিনজনই দৃষ্টিপ্রতিবন্ধী। আলোহীন জগৎ, দারিদ্র্য, স্বজনদের অসহযোগিতা—কিছুই তাঁদের সাফল্যের পথে বাধা হতে পারেনি। জন্মান্ধ তিন ভাইবোনের একজন মাদ্রাসার শিক্ষক। বাকি দুজন এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।
‘হোলামাইয়াগো এদ্দুর আইনতে যে কত কষ্ট কইত্তে অইছে, হেডা আন্নে চিন্তাও কইত্তে হাইত্তন ন’—দৃষ্টিপ্রতিবন্ধী সন্তানদের এ অবস্থায় আনতে কষ্টের কথা এভাবেই বললেন নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া গ্রামের শরিফা খাতুন। প্রথম সন্তান দৃষ্টিহীন অবস্থায় জন্মের পর থেকেই স্বজন ও গ্রামবাসীর কাছে তিনি ‘পাপী’ ও ‘কলঙ্কিত’ নারী হিসেবে পরিচিত। চতুর্থ ও পঞ্চম সন্তান দৃষ্টিপ্রতিবন্ধী হলে শরিফাকে হরহামেশাই শুনতে হয়—‘পাপ না কইল্লে কি কারও তিনডা হোলামাইয়া কানা হয়!’
শরিফা খাতুনের পড়াশোনা প্রাথমিকেই সীমাবদ্ধ। তবে সন্তানদের পড়াতে তাঁর চেষ্টা ও সংগ্রামের শেষ নেই। বড় ছেলে মো. হারুন দৃষ্টিপ্রতিবন্ধী বলে সাধারণ স্কুলে নয়, দিয়েছিলেন মাদ্রাসায়। মেধা, চেষ্টা ও ইচ্ছাশক্তির জোরে তিনি এখন কোরআনে হাফেজ। স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করছেন। আর ছোট মেয়ে বিবি কুলসুম ও ছেলে আইয়ুবউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে যথাক্রমে সমাজকল্যাণ ও গবেষণা এবং সমাজবিজ্ঞান বিষয়ে ভর্তি হয়েছেন। বাকি দুই মেয়েকে (হারুনের ছোট) এইচএসসি পাসের পর বিয়ে দিয়েছেন। শরিফা বলেন, ‘পাশের বাড়ির লগে গ্যাঞ্জাম লাগলে আঁর হোলামাইয়াগো হিডাইত। আঙগো লোকজনই হেগুনের ভাগের জিনিস ছিনাই লই গ্যাছে।’
নানা বিপত্তি সত্ত্বেও দৃষ্টিহীন ছোট দুই সন্তানকে ব্রেইল পদ্ধতিতে লেখাপড়ার ব্যবস্থা আছে, এমন স্কুলে দিতে চান শরিফা। কিন্তু স্বামী রাজি নন। তাঁর এক কথা, ‘কানা হোলামাইয়ার হিছনে ট্যাহা ঢালি লাভ কী? এমনেই মাইনষের তোন ট্যাহা লই চলন লাগে।’
কিন্তু শরিফা খাতুন দমে যাননি। খোঁজখবর নিয়ে চট্টগ্রামের সরকারি অন্ধ, মূক ও বধির বিদ্যালয়ে সন্তানদের পাঠান। সেখানে তাঁরা পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর আবার পড়াশোনার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। এগিয়ে আসে ভাইয়ের ছেলে শাহজাহান সাজু। তাঁর সহায়তায় কুলসুম মিরপুরের ব্যাপটিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুলে (বিএমআইএস) ভর্তি হন। এখানে বিনা বেতনে থাকা ও পড়ার ব্যবস্থা হয়। আইয়ুবউল্লাহ পড়াশোনা করেন লক্ষ্মীপুরের দৃষ্টিপ্রতিবন্ধীদের একটি স্কুলে।
দুই ভাইবোনই এ গ্রেড নিয়ে এসএসসি পাস করেন। কুলসুম ভর্তি হন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে। তত দিনে ব্যাপটিস্ট মিশনে বিনা মূল্যে থাকার সুযোগ শেষ। হোস্টেলে মাসে দেড় হাজার টাকা দেওয়ার সামর্থ্য পরিবারের নেই। আয় বলতে বড় ভাইয়ের বেতন মাসিক দুই হাজার টাকা।
কুলসুম হোস্টেলে সিট না পেয়ে পরিচিত মেয়েদের কাছে থাকতেন। তবে টাকার অভাবে বেশির ভাগ সময় খাওয়া হতো না। একসময় হলে সিট পান। সকালে হলে খাবার দেওয়ার নিয়ম নেই। দুপুরেরটা দেওয়া হতো দেড়টায়। আর কুলসুমের ক্লাস শেষ দুইটায়। ফলে রাতে এক বেলাই খাবার খেতেন। আইয়ুবউল্লাহর যুদ্ধটা আরও কঠিন। ভর্তি হন কবি নজরুল সরকারি কলেজে। কিন্তু কলেজটি আবাসিক নয়। ভর্তি হয়ে ফিরে যান বাড়ি। ক্লাস করা হয় না। পরে লক্ষ্মীবাজারে এলাকার ছেলেদের সঙ্গে মেসে থাকতে শুরু করেন। কিন্তু খাবারের টাকা নেই।

এইচএসসি পরীক্ষার সময় কোনো দিনই সকালে আইয়ুবউল্লাহর খাওয়া হয়নি। আর, কুলসুম বাসের পথটুকু পার হয়ে রিকশার পথটুকু হেঁটেই যেতেন টাকাটা বাঁচাতে। যদি ভাইকে এক বেলা ভাত খাওয়ার পয়সা দেওয়া যায়। তাঁদের কোচিং বা প্রাইভেটে পড়ার সুযোগ হয়নি।
কুলসুম বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধীদের অনেক চ্যালেঞ্জ। তার ওপর আমরা দরিদ্র। খাওয়ার টাকাও নেই। অথচ বইয়ের পেছনে দ্বিগুণ টাকা খরচ করতে হয়েছে।’
উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে দুই ভাইবোনই ফিরে গেছেন গ্রামে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিয়েছেন পাঠ্যবই আর ভর্তি গাইড পড়ে। গাইডগুলো প্রতিবেশীদের সাহায্যে মোবাইলে রেকর্ড করে শুনে প্রস্তুতি নিয়েছেন।
কিন্তু তাঁদের অদম্য চেষ্টা আর পরিশ্রমে দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। কুলসুম বলেন, ‘ইচ্ছে ছিল যেভাবেই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। সেটা পেরেছি।’ তিনি বিসিএস ক্যাডার হতে চান। আইয়ুবউল্লাহর ইচ্ছাও এমন। তবে বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ, প্রযুক্তির ছোঁয়া থেকে দূরে থাকার কারণে সে যাত্রা কতটা দুঃসহ হবে ভেবে কপালে চিন্তার ভাঁজ পড়ে। কিছুক্ষণ নিশ্চুপ থেকে আইয়ুবউল্লাহ বলেন, ‘আমরা পারব। সহায়সম্বলহীন গ্রামের এক নারী তাঁর সন্তানদের এখানে নিয়ে আসতে পারলে, আমরাও পারব।’