আলোহীন চোখে জ্ঞানের আলো বিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোকেয়া বেগম
রোকেয়া বেগম

শিশু শ্রেণির ক্লাস! মেঝেতে মাদুর বিছিয়ে গোল হয়ে বসেছে শিশুরা। মাঝে দাঁড়িয়ে আপা। পড়াচ্ছেন, ‘অ-তে অজগরটি আসছে তেড়ে’, ‘আ-তে আমটি আমি খাব পেড়ে।’ কথা শেষ করে মাটির তৈরি আম ধরে দেখিয়ে দিচ্ছেন শিশুদের। সঙ্গে সঙ্গে বলছেন প্রতিশব্দও। অ-তে অজগর, আবার অ-তে অলংকার। অলংকার বোঝাতে নিজের গলার মালা, কানের দুল দেখাচ্ছেন আপা। আপার প্রশ্নের সঙ্গে সঙ্গে সমস্বরে উত্তর দিচ্ছে শিক্ষার্থীরা।
ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃশ্য এটি। আপাতদৃষ্টিতে সুন্দর একটি দৃশ্য। কিন্তু এর পেছনে আছে সংগ্রামের একটি গল্প। শিশুদের মাঝে দাঁড়িয়ে যে আপাকে পড়াতে দেখা গেল, তাঁর নাম রোকেয়া বেগম (২৬)। শিশুদের মাঝে জ্ঞানের আলো জ্বালিয়ে চলা এই শিক্ষকের চোখের আলো নিভে গেছে সেই শিশুকালেই। কিন্তু নিজের একাগ্র চেষ্টায়
তিনি একজন সফল শিক্ষক। মেধা আর মনের আলো দিয়ে জয় করে নিয়েছেন সহকর্মী ও শিক্ষার্থীদের মন।
গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কাছ থেকে ল্যাপটপ গ্রহণ করেছেন রোকেয়া। অনুষ্ঠানে রোকেয়ার সঙ্গে ১০ জন প্রাথমিক ও ১৫ জন মাধ্যমিকের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষকও ছিলেন। এই শিক্ষকেরা ২০১৬ সালে আইসিটি প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিলেন। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য গত বছরের ৯ ডিসেম্বর রোকেয়াকে জেলার জয়িতা সম্মানে ভূষিত করা হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিউলি দাস বলেন, ‘রোকেয়া যখন যোগ দেন আমরা তখন বেশ চিন্তিত ছিলাম। কীভাবে ক্লাস নেবেন, এলাকার লোকই–বা বিষয়টি কীভাবে দেখবে! কয়দিন পরে তাঁর দক্ষতা দেখে অবাক হয়ে যাই। মেধাবী রোকেয়া সহজেই সবকিছু রপ্ত করে নিতে জানেন।’
পারিবারিক সূত্রে জানা গেছে, ফরিদপুর সদরের তাম্বুলখানায় রোকেয়ার জন্ম ১৯৯২ সালের ৫ সেপ্টেম্বর। জন্মের তিন বছরের মাথায় বাবা শেখ মুজিবুর রহমানকে হারান। তার দুই বছর পর মারা যান মা শেখ হাসিনা। পাঁচ বোন, এক ভাইয়ের মধ্যে রোকেয়া চতুর্থ। বাবা-মায়ের মৃত্যুর পর বড় বোন শাহানাজ বেগম (৪৩) ভাইবোনদের দায়িত্ব নেন। ছয় ভাইবোনের মধ্যে পড়াশোনা করেছেন রোকেয়া, শিখা ও আছিয়া। এই তিন বোনই দৃষ্টিপ্রতিবন্ধী। তাঁদের প্রতিবন্ধকতা জন্মগত নয়। রোকেয়ার চার বছর, শিখার নয় ও আছিয়া সাত বছরের সময় একে একে দৃষ্টিপ্রতিবন্ধী হয়ে পড়েন। চিকিৎসকেরা জানান, তাঁদের মা ও বাবা খালাতো ভাইবোন হওয়ায় রক্তের কারণে এ সমস্যা হয়েছে। এ সমস্যা নিরাময়যোগ্য নয়।
ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক এম এ সামাদের সহযোগিতায় এই তিন বোন ঢাকার মিরপুরে ব্যাপ্টিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুলে ভর্তি হন। সেখান থেকে তাঁরা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েন। এরপর মিরপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং বদরুন্নেসা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন রোকেয়া। ইডেনে স্নাতক শ্রেণিতে ভর্তি হওয়ার পরই শ্রুতলেখক নিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেন তিনি। পরে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান। আর রোকেয়ার বোন শিখা বেগম ইডেন কলেজ থেকে স্নাতক (সম্মান) পাস করেছেন। আছিয়া আক্তার বদরুন্নেসা কলেজে ডিগ্রিতে পড়ছেন।
২০১৩ সালে রোকেয়া বেগমðএই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি এখন শিশু থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পড়ান। ‘প্রথম প্রথম একটু বেগ পেতে হয়েছিল’, মন্তব্য রোকেয়ার।

শিশুদের পড়াতে ব্যস্ত রোকেয়া বেগম। সম্প্রতি ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।  ছবি: প্রথম আলো
শিশুদের পড়াতে ব্যস্ত রোকেয়া বেগম। সম্প্রতি ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ছবি: প্রথম আলো

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাকলী সাহা
বলেন, প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য আলাদা বইয়ের ব্যবস্থা করা দরকার। কেননা প্রশিক্ষণের সব বিষয় একবারে মনে থাকার কথা নয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে বলেন, রোকেয়ার পারফরম্যান্স ভালো। ওঁনার জন্য যাতে ব্রেইল পদ্ধতির বই সরকারিভাবে সরবরাহ করা যায়, সে চেষ্টা করা হবে।