আল্লামা শফীর ডাকে চট্টগ্রামে আজ কওমি আলেমদের সম্মেলন
সরকারের পক্ষ থেকে হেফাজতবিরোধী প্রচারণা বন্ধ, দেশের সামগ্রিক পরিস্থিতি, কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন পাসের সরকারি উদ্যোগসহ নানা বিষয় নিয়ে ওলামা মাশায়েখ সম্মেলনে বসছেন সারা দেশের কওমি আলেমরা।
আজ শনিবার বেলা দুইটায় হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফীর আহ্বানে ফটিকছড়ির আল জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সম্মেলনে শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠক শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন আল্লামা শফী। গত ৬ এপ্রিল এবং ৫ মে ঢাকা অবরোধের মতো কর্মসূচি অথবা লাগাতার হরতালের ঘোষণাও আসতে পারে।
বিষয়টির সত্যতা স্বীকার করে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, আল্লামা শফীর আহ্বানে দেশের চার থেকে পাঁচ হাজার কওমি আলেম ওলামা সম্মেলনে বসছেন। সম্মেলনে কওমি মাদ্রাসাবিরোধী সরকারের যেকোনো পদক্ষেপ রোধে আন্দোলনের কর্মসূচি নির্ধারণ এবং প্রয়োজনে হরতাল অবরোধসহ কঠোর কর্মসূচিরও ঘোষণা আসতে পারে। তিনি বলেন, সরকার কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন-২০১৩ পাস করে কওমি মাদ্রাসাকে ধ্বংস করে দিতে চায়।
এ ছাড়া হেফাজতের ১৩ দফা কর্মসূচি বাস্তবায়নে সরকারকে আলটিমেটাম, গ্রেপ্তার হওয়া হেফাজতের নেতা মুফতি ওয়াক্কাসের মুক্তির দাবিসহ বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরতে সিদ্ধান্ত হবে সম্মেলনে। সারা দেশে হেফাজতকে চাঙা করতে নেতা-কর্মীদের দিকনির্দেশনা দেবেন আল্লামা শাহ আহমদ শফী।
এএসপি আ ফ ম নিজাম উদ্দিন বলেন, সম্মেলন ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।