আল্লাহকে ডেকেছি সব সময়: রেশমা
চোখেমুখে ক্লান্তি আর বিধ্বস্ততার ছাপ। কথা বলতে গেলে এখনো একটু একটু জড়িয়ে যায়। কথা বলা, তাকানো—সবকিছুতেই এখনো যেন আতঙ্ক। ক্লান্ত রেশমা বসে ছিলেন হুইলচেয়ারে। মাথায় কালো কাপড়। পেছনে একজন সেবিকা। আজ জনসম্মুখে এভাবেই উপস্থিত হন রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ১৭তম দিনে উদ্ধার হওয়া বিস্ময়কন্যা রেশমা।
বিকেল সাড়ে পাঁচটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রেশমা উপস্থিত হন। তিনি খুবই নিচু স্বরে কথা বলছিলেন। এত দিন কীভাবে, কোথায় ছিলেন, জানতে চাইলে রেশমা বলেন, ‘সব আল্লাহর ইচ্ছা। আল্লাহকে ডেকেছি সব সময়। কল্পনা করিনি কখনো বের হতে পারব।’
প্রায় ১৭ মিনিট ধরে রেশমার সঙ্গে কথা বলেন সাংবাদিকেরা। রেশমার সঙ্গে ছিলেন সম্মিলিত সামরিক হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল আশফাকুজ্জামান চৌধুরী এবং সাত সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান কর্নেল আজিজুর রহমান। সাংবাদিকদের প্রশ্নের বেশির ভাগ উত্তরই রেশমার পক্ষ থেকে তাঁর চিকিত্সকেরা দিচ্ছিলেন। রেশমার চিকিত্সক জানান, ১৭ দিন ধরে পানি ও বিস্কুট খেয়ে রেশমা বেঁচে ছিলেন। চিকিত্সক বলেন, বের করার আগে রেশমাকে কাপড় দেওয়া হয়। ওই কাপড় পরেই তিনি বের হয়ে আসেন।
সাংবাদিকেরা এ সময় রেশমাকে প্রশ্ন করেন, তিনি কবে ঢাকায় এসেছেন? কোন কারখানায় কাজ করতেন? তাঁর বেতন কত ছিল? রেশমার পক্ষ থেকে তাঁর চিকিত্সক জানান, তিনি এখনো ট্রমার মধ্যে। এসব বলার মতো অবস্থায় নেই।
১৭ মিনিট পরে হুইলচেয়ারে বসা রেশমাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় রেশমা সাংবাদিকদের উদ্দেশে হাত নাড়েন।
রেশমার সংবাদ সম্মেলনে বাংলাদেশের সব গণমাধ্যমসহ আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের কর্মীরাও উপস্থিত ছিলেন।