তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, ‘কোনো দলের মুখপাত্র হিসেবে কাজ করার জন্য মার্কিন সরকার আপনাকে এখানে (বাংলাদেশে) পাঠায়নি।’ গতকাল শনিবার সন্ধ্যায় কুষ্টিয়ায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএমএর সভাপতি জামাল উদ্দীন মোল্লা।
তথ্যমন্ত্রী বলেন, ‘নতুন রাষ্ট্রদূত মহোদয় আমাদের নির্বাচন আবার করার পরামর্শ দিয়েছেন। পরামর্শ দেবার আগে আপনি (রাষ্ট্রদূত) বেগম খালেদা জিয়াকে জঙ্গিবাদ, জামায়াত-হেফাজতের সঙ্গে দহরম-মহরম না করার পরামর্শ দেন। যদি পরামর্শ না দিতে পারেন, তাহলে আল্লাহর ওয়াস্তে মুখটা বন্ধ রাখবেন।’
ইফতার মাহফিলে তথ্যমন্ত্রীর পত্নী আফরোজা হক রিনাও বক্তব্য দেন। এ সময় সেখানে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ইফতেখার মাহমুদ, কুষ্টিয়া বিএমএর সাধারণ সম্পাদক আমিনুল হক, পুলিশ সুপার মফিজ উদ্দীন আহম্মেদ, চিকিৎসক এস এম মুস্তানজিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।