আল্লাহর দলের প্রধানসহ ১৬ জনের কারাদণ্ড
টাঙ্গাইলে জঙ্গি সংগঠন আল্লাহর দলের প্রধান মতিন মেহেদীসহ ১৬ জনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক আবুল মনসুর মিয়া এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত বাকি ১৫ জন হলেন টাঙ্গাইলের রফিকুল ইসলাম, আবদুল আজিজ ওরফে আলা মিয়া, বুলবুল, দেলোয়ার, লিটন, চান্দু, আবদুল খালেক, মাইন, আলাল উদ্দিন, মদন ব্যাপারী ও মুন্না, গাইবান্ধার শাহ মো. ফেরদৌস ও কাজল, নীলফামারীর আবু সাইদ এবং রংপুরের রেজমুল আলম।
মামলার বিবরণে জানা যায়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ায় বাসা ভাড়া নিয়ে জঙ্গি সংগঠন আল্লাহর দলের কার্যক্রম চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ২০০৭ সালের ১৪ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁদের গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়। পরের দিন সদর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বাদী হয়ে টাঙ্গাইল সদর থানার মামলা করেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ১৬ আসামিই আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।