আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ বলেছেন, ২০০১ সালে হাওয়া ভবন থেকে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। এখন বাংলাদেশে আল-কায়েদার যে ঘাঁটি গাড়ার কথা শোনা যাচ্ছে, তার সঙ্গে তারেক রহমানের যোগসূত্র থাকার বিষয়টি অস্বাভাবিক নয়।
গতকাল শনিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে বন্যাদুর্গতের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের কাছে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন। পদ্মার ভাঙনে উপজেলার রামকৃষ্ণপুর ও মরিচা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এক হাজার ২০০ পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ অনুষ্ঠানের তিনি প্রধান অতিথি ছিলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট ছিলেন। বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের দ্বারা পরিচালিত হয়ে আসছে। তারেক রহমানও আইএসআইয়ের এজেন্ট হিসেবে কাজ করছেন, তার তথ্য-প্রমাণ আছে।
হানিফ দাবি করেন, এ কে খন্দকার নিজেই বইয়ে লিখেছেন, বয়সের কারণে তাঁর চিন্তাশক্তি লোপ পেয়ে গেছে। এ সুযোগ কাজে লাগিয়ে বাইরের কোনো অপশক্তি তাঁকে দিয়ে বিভ্রান্তিকর কথা লিখিয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ রেজাউল হক চৌধুরী, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।