রাজধানীর পূর্ব আশকোনার ‘সূর্য ভিলা’র জঙ্গি আস্তানায় আত্মঘাতী বোমায় নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তাঁর হাতের আঙুলের ছাপ মিলিয়ে জাতীয় তথ্যভান্ডার থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
মায়ের আত্মঘাতী বোমার বিস্ফোরণে আহত শিশুটির (৭) অবস্থা গতকালও ছিল সংকটজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক খাজা আবদুল গফুর বলেন, শিশুটি ডাকলে সাড়া দিচ্ছে। সে কথা বলার মতো অবস্থায় নেই।
পুলিশ বলেছে, গতকাল রিমান্ডের প্রথম দিনে মেজর (অব.) জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার তেমন তথ্য দেননি। কয়েক ঘণ্টার জিজ্ঞাসাবাদে পুলিশ কর্মকর্তাদের মনে হয়েছে, জেবুন্নাহারের আশঙ্কা, তিনি আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। অন্যদিকে মাইনুল ওরফে মুসার স্ত্রী তৃষা মনি জিজ্ঞাসাবাদে বলেছেন, স্বামী তাঁকে এই পথ বেছে নিতে বাধ্য করেছেন। পুলিশ কর্মকর্তারা বলেছেন, আশকোনায় অভিযানের দিন (গত শনিবার) থেকে তৃষা মনি পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা করছেন।
পুলিশ বলেছে, তাদের ধারণা মেজর (অব.) জাহিদুল মূলত মাইনুল ওরফে মুসাকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করেন। উত্তরার লাইফ স্কুলে জাহিদুলের মেয়ে পড়ত। ওই স্কুলে শিক্ষকতা করতেন মুসা। এ দুটি পরিবার উত্তরার ১৩ নম্বর সেক্টরের একই বাড়ির আলাদা ফ্ল্যাটে ছিল। পরে তাঁদের সঙ্গে যোগ দেন তানভীর কাদেরী।
গতকাল দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে জানা গেছে, জঙ্গিবাদে নারীদের সংশ্লিষ্টতা রয়েছে। তাঁরা স্বেচ্ছায় এ পথে আসেননি। স্বামী জেলে আছে কিংবা মারা গেছে বলে এই নারীরা হতাশায় ভুগছিলেন। তাঁদের আশ্রয়ও নেই। সে কারণে আত্মঘাতী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মনিরুল বলেন, আশকোনার ভাড়া বাসাটিতে চারটি পরিবার থাকত। এর আগে আজিমপুরের আস্তানাতেও চারটি পরিবার ছিল। তিনি বলেন, সেখানে তাদের আংশিক পুড়ে যাওয়া টাকা, অফিশিয়াল কাগজপত্র এবং অস্ত্র ও গ্রেনেড পাওয়া গেছে। তিনটি সুইসাইডাল ভেস্ট পাওয়া গেছে। বড়দিন উপলক্ষে হয়তো তাদের বড় কোনো নাশকতার পরিকল্পনা ছিল।
পুলিশ কর্মকর্তারা বলছেন, সূর্য ভিলায় অভিযানের সময় জঙ্গিরা ৮ লাখ টাকা পুড়িয়ে ফেলে। তারপরও সেখান থেকে ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। একটি প্রিন্টারও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সূর্য ভিলাকে নব্য জেএমবির সদর দপ্তর হিসেবে ব্যবহার করছিল জঙ্গিরা। আরও যে বিষয়টি তাঁদের ভাবাচ্ছে, তা হলো অর্থের জোগান দিচ্ছে কারা। এর আগে ৮ অক্টোবর আশুলিয়ার একটি বাড়িতে ৩০ লাখ টাকা পাওয়া গিয়েছিল।