আশকোনায় দগ্ধদের দুজনের মৃত্যু
রাজধানীর আশকোনায় গত রোববার রান্নাঘরের গ্যাসলাইনে আগুন লেগে দগ্ধ দুজন গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। তাঁরা হলেন রেহেনা আক্তার (৪০) ও তাঁর গৃহকর্মী সখিনা বেগম (৪২)।
এ ঘটনায় দগ্ধ রেহেনার ছেলে রেজোয়ান আহমেদ (১৬), তানভীর আহমেদ (১৪) ও মেয়ে আফরোজা আক্তার (১৯) ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। আফরোজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। রেজোয়ান দক্ষিণখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের দ্বিতীয় বর্ষে ও তানভীর উত্তরার মাস্টারমাইন্ড স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
পারিবারিক ও পুলিশ সূত্র বলেছে, ১১ অক্টোবর সকালে ৬৫ পূর্ব আশকোনার বাসিন্দা যুক্তরাষ্ট্রপ্রবাসী আবুল কাশেমের বাড়ির দোতলায় রান্নাঘরের গ্যাসের চুলার ছিদ্র থেকে আগুন ধরে যায়। তখন চুলা জ্বালানো ছিল। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে রেহেনা, রেজোয়ান, আফরোজা, তানভীর ও গৃহকর্মী সখিনা দগ্ধ হন। প্রতিবেশীরা দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সখিনা গতকাল ভোররাত চারটার দিকে এবং রেহেনা বেলা সাড়ে ১১টার দিকে মারা যান। রেহেনার স্বামী যুক্তরাষ্ট্রে রয়েছেন।
রেহেনার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুরে ও সখিনার বাড়ি গাজীপুরের শ্রীপুরের মাওনায়।