আশঙ্কা আগের মতোই, নির্বিকার কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার ৩৫টি জেলার ৭৩টি উপজেলা পরিষদে ভোট গ্রহণ। পঞ্চম ধাপের এই নির্বাচনেও সহিংসতা ও কেন্দ্র দখলের আশঙ্কা রয়েছে। তবে নির্বাচন কমিশনের (ইসি) এ নিয়ে কোনো মাথাব্যথা নেই। ভোটের দিন জোরজবরদস্তি ঠেকাতে বাড়তি কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি।
সমর্থকদের সহিংস কর্মকাণ্ড থেকে বিরত রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে অনেকটা দায় সেরেছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত সিইসি) মোহাম্মদ আবদুল মোবারক। তিনি গতকাল রোববার বিকেলে নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। একই সঙ্গে যাঁরা নির্বাচনী সহিংসতায় প্রাণ দিচ্ছেন বা সহিংসতায় জড়াচ্ছেন, তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের মৃত্যুতে আপনাদের পরিবারেরই ক্ষতি হবে। সারা বছর আপনাদের জন্য কেউ শোকসভা করবে না। এতে কোনো ফায়দা নাই।’
উপজেলা পরিষদের প্রথম দফায় নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হলেও পরবর্তী তিন দফায় ক্রমান্বয়ে সহিংসতা ও কেন্দ্র দখল বাড়তে থাকে। পরের তিন দফায় সহিংসতায় আটজন নিহত এবং কয়েক শ আহত হন। ২৩ মার্চ চতুর্থ ধাপেই চারজন নিহত হন। এ ধাপে অনিয়ম হয় সবচেয়ে বেশি। ব্যালট বাক্স ছিনতাই, হানাহানি, কেন্দ্র দখল করে ব্যালট পেপারে গণসিল মারাসহ নানা অনিয়মের ঘটনায় বেশির ভাগ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল নিষ্ক্রিয়। কোনো কোনো স্থানে নির্বাচনী কর্মকর্তারাও গণসিল মারার কাজে সরকারি দলের কর্মীদের সহযোগিতা করেছেন। এ ধরনের ছবি গণমাধ্যমেও এসেছে।
এ অভিজ্ঞতা থেকে এবার নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ও সক্রিয় করার কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না, সে ব্যাপারে গতকালের সংবাদ সম্মেলনে কিছুই বলেনি নির্বাচন কমিশন। বরং প্রকারান্তরে আগের পর্বের নির্বাচনগুলো নিয়ে সন্তুষ্টি প্রকাশ এবং আজ শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভারপ্রাপ্ত সিইসি। তাঁর দাবি, এ পর্যন্ত অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ১ শতাংশের কম সহিংসতা হয়েছে। এ সময় নির্বাচন কমিশনার শাহনেওয়াজ সহিংসতা ৫ শতাংশের কম বলে উল্লেখ করেন।
এর আগের পর্বগুলোতে কমিশনের কেউ কেউ গণমাধ্যমকে বলেছিলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের নির্দেশ মানছে না। গতকাল এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে বিষয়টাকে বেশ হালকাভাবে নেন ভারপ্রাপ্ত সিইসি। তিনি বলেন, ‘যাঁরা দায়িত্ব পালন করছেন, তাঁরা সবাই মানুষ। সবাই আইন মানবেন বা গাফিলতি করবেন না, তা বলা যায় না।’
দেশে মোট ৪৮৭টি উপজেলার মধ্যে এর আগে চার দফায় ৩৮৬টি উপজেলার নির্বাচন হয়েছে। আজ ৩৫ জেলার ৭৩টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে। আদালতের নিষেধাজ্ঞাসহ বিভিন্ন কারণে বাকিগুলোর নির্বাচন স্থগিত আছে।
আজকের ৭৩টি উপজেলা নির্বাচনে মোট চেয়ারম্যান পদপ্রার্থী ৩৬২ জন। ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪১৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৭৬ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা পাঁচ হাজার ৫৩৪। ভোটার এক কোটি ৩৮ লাখ ৯১ হাজার ৭৫১। পুরুষ ৬৯ লাখ ৩০ হাজার ২৬৯ ও নারী ভোটার ৬৯ লাখ ৬১ হাজার ৪৮২ জন।
আগের চার ধাপে দেখা গেছে, কেন্দ্র দখল ও ভোট জালিয়াতি রোধে নির্বাচনে দায়িত্ব পালনকারী পুরো প্রশাসনই কার্যত নিষ্ক্রিয় ছিল। কিন্তু সে জন্য কারও বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে আজকের নির্বাচনে পরিস্থিতি আগের চেয়ে খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন জেলা-উপজেলায় সে আলামত স্পষ্ট হয়ে উঠেছে বলে প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল আবদুল মোবারক সাংবাদিকদের বলেন, নির্বাচনে অনিয়ম হওয়ার পরও প্রকাশিত ফলাফল নিয়ে কারও আপত্তি থাকলে জেলা পর্যায়ে নির্বাচনী ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ আছে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মরিয়া অবস্থান এবং প্রার্থীদের যেকোনো উপায়ে নির্বাচনে জয়লাভ এবং পরে সম্পত্তির পাহাড় গড়ার প্রবণতার কারণে নির্বাচনে সহিংসতা হচ্ছে।
‘সহিংসতার সঙ্গে যুক্ত কাউকেই কমিশন ছাড় দেয় না বা দেবে না’ উল্লেখ করে আবদুল মোবারক বলেন, ‘নির্বাচনে অপরাধের সঙ্গে সম্পৃক্তরা ভাবে, ভোটের তারিখ অতিক্রান্ত হয়ে গেলেই দুষ্কর্ম হাওয়ায় মিলিয়ে যাবে। তবে তাদের মনে রাখতে হবে, তারা কেউ রেহাই পাবে না। দুষ্কর্মের রেকর্ড থাকবে নিভৃতে। কোনোভাবেই যাতে কেউ নিষ্কৃতি না পায়, তার সব ব্যবস্থাই করা আছে। আজ না হয়, কাল না হয়, পরশু ব্যবস্থা নেওয়া হবেই।’
কমিশনের পক্ষ থেকে আগেও একই ধরনের কথা বলা হলেও তার নজির দেখা যাচ্ছে না—সাংবাদিকেরা এ কথা স্মরণ করিয়ে দিলে ভারপ্রাপ্ত সিইসি খেপে যান। তিনি বলেন, ‘আইনে এ কথাগুলোই বলা আছে, তা বলার রেওয়াজ আছে, মনে করিয়ে দিতে হয়, তাই একই কথা বারবার বলা হচ্ছে।’
সাংবাদিকেরা এ ধরনের প্রশ্ন করতে পারেন কি না, এ নিয়ে প্রশ্ন তোলেন উপস্থিত নির্বাচন কমিশনাররা। একপর্যায়ে আর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ‘আজ যথেষ্ট হয়েছে, আর না’ বলে কমিশনাররা উঠে চলে যান।
খালেদা জিয়ার উদ্দেশে মোবারক: গতকালের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত সিইসি আবদুল মোবারক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘উনার দল আমাদের আন্ডারে ইলেকশন করছে তো এখন। নাকি করেননি? আমরা, নির্বাচন কমিশন কিছুই না, জিরো। কিন্তু উনি এ জিরোর আন্ডারে করছেন তো নির্বাচন। নাকে খত দিতেছেন তো।’
এর আগে খালেদা জিয়া বলেছিলেন, নির্বাচন কমিশন অথর্ব, মেরুদণ্ডহীন, কমিশনারদের পদত্যাগ করা উচিত। এ প্রসঙ্গ উল্লেখ করে নির্বাচন কমিশনারদের কাছে সাংবাদিকেরা জানতে চান, এবারের নির্বাচন সুষ্ঠু না হলে তাঁরা পদত্যাগ করবেন কি না। জবাবে আবদুল মোবারক ওই মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার জাবেদ আলী, মোহাম্মদ আবু হাফিজ ও মো. শাহনেওয়াজ এবং কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।