আশঙ্কাজনক হারে বেড়েছে মোটরসাইকেল চুরি
কিশোরগঞ্জে মোটরসাইকেল চুরি আশঙ্কাজনক হারে বেড়েছে। সংঘবদ্ধ চোরদের দৌরাত্ম্যে অসহায় হয়ে পড়েছেন মোটরসাইকেলের মালিকেরা। জেলা শহর ও আশপাশের এলাকায় একাধিক চক্র এ কাজে জড়িত।গত ১৫ দিনে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও করগাঁও ইউনিয়নে দুই চালককে খুন করে মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে মোটরসাইকেলের মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।১১ এপ্রিল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মোটরসাইকেল চুরি ও চোরাই মোটরসাইকেল বিক্রির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় জেলাবাসী উদ্বিগ্ন, উল্লেখ করে কমিটির সদস্য এ কে নাছিম খান এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, গত তিন মাসে অর্ধশতাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া শতাধিক চোরাই মোটরসাইকেল বিক্রি হয়েছে। বিক্রি হওয়া এসব চোরাই মোটরসাইকেল অবাধে জেলা শহর ও আশপাশের উপজেলায় চলাচল করছে। সূত্র জানায়, শহরে একাধিক সংঘবদ্ধ চোর চক্র নকল চাবির সাহায্যে যেকোনো মোটরসাইকেলের তালা খুলে চুরি করে নিয়ে যায়। চুরির সময় অদূরে দাঁড়িয়ে কোনো কোনো প্রভাবশালী ছাত্র-যুবনেতাকে পাহারা দিতেও দেখা গেছে। বিপদে পড়লে অনেক সময় তাঁরা চোরদের বিক্ষুব্ধ লোকজনের কবল থেকে রক্ষা করেন।সূত্র আরও জানায়, জেলা শহরের রাকুয়াইল-গাইটাল, সদর উপজেলার জালুয়াপাড়া, করিমগঞ্জ উপজেলার সদর, পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট, কটিয়াদীর বনগ্রাম, ধুলদিয়া-সহস্রাম ও লোহাজুরি এলাকায় সংঘবদ্ধ কয়েকটি চোর চক্র রয়েছে। এসব চক্রের সদস্যরা মোটরসাইকেল চুরি করে কখনো ধরা পড়লেও কতিপয় প্রভাবশালী ব্যক্তির ছত্রচ্ছায়ায় পার পেয়ে যায়। চোরাই মোটরসাইকেল তারা দালাল চক্রের মাধ্যমে কম দামে লোকজনের কাছে বিক্রি করে দেয়। আর যথাযথ কাগজপত্র ছাড়াই গ্রামগঞ্জে, এমনকি শহরেও নির্বিঘ্নে এসব মোটরসাইকেল চলাচল করছে।জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, জেলা শহর ও আশপাশের এলাকায় অন্তত সহস্রাধিক মোটরসাইকেল চলাচল করে। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক মোটরসাইকেল অন-টেস্ট, সংবাদপত্র লেখা, নম্বরবিহীন এবং যথাযথ কাগজপত্র ছাড়াই চলাচল করছে। এসব মোটরসাইকেলের অধিকাংশ চালকের চালক সনদ (ড্রাইভিং লাইসেন্স) নেই। জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক খালেদ মাহমুদ খান জানান, জেলা শহর ও আশপাশের এলাকায় প্রতিদিন সহস্রাধিক মোটরসাইকেল চলাচল করে। এর মধ্যে প্রায় ৪০০টির প্রয়োজনীয় কাগজপত্র নেই। কাগজপত্রবিহীন এসব মোটরসাইকেলের বেশির ভাগই চোরাই। অবৈধ যানের বিরুদ্ধে, বিশেষ করে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালালে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের তদবিরের কারণে টেকা কঠিন। তদবিরকারীরা ফোনে গালাগাল করেন এবং হুমকি-ধমকি দেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা নিলে মোটরসাইকেল চুরি কমবে।কিশোরগঞ্জ মডেল থানার সদ্য বিদায়ী ওসি মীর মোশাররফ হোসেন বলেন, ‘চোরাই মোটরসাইকেল বিক্রির সংখ্যা খুব বেশি। গত সপ্তাহে কিশোরগঞ্জ মডেল থানায় ১৭টি মোটরসাইকেল রেখে এসেছি। এর মধ্যে সাতটির কোনো কাগজপত্র নেই।’