আশঙ্কাজনকভাবে তামাক চাষ বাড়ছে রাজশাহী অঞ্চলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলার অমরপুর গ্রামের কৃষক নজির উদ্দিন তাঁর চার বিঘা জমি এবার ইজারা দিয়েছেন কুষ্টিয়ার নওশের আলী নামের এক ব্যবসায়ীর কাছে। নওশের আলী ওই জমিতে তামাক চাষ করেছেন। এর আগের বছর এই জমিতে আখ, গম ও সবজি আবাদ করা হয়েছিল। তিন মাস তামাক চাষের পর জমি ফিরে পাবেন নজির উদ্দিন। এই তিন মাসের জন্য বিঘাপ্রতি তিনি পাঁচ-ছয় হাজার টাকা পাবেন। এভাবেই কুষ্টিয়া থেকে রাজশাহী ও নাটোরের বিভিন্ন এলাকায় জমি ইজারা নিয়ে ব্যাপক হারে তামাক চাষ চলছে। ব্যবসায়ীদের দেখাদেখি বেশি লাভের আশায় এলাকার কৃষকেরাও অন্য ফসল আবাদ ছেড়ে তামাকের দিকে ঝুঁকছেন।রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, তারা তামাক চাষকে নিরুত্সাহিত করার পক্ষে। এর নির্দিষ্ট কোনো তথ্য তাদের হাতে নেই। বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন তামাক চাষে কৃষকদের উত্সাহিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।হাফিজুল ইসলামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। তিনি এবার নাটোরের লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামে ছয় বিঘা জমি ইজারা নিয়ে তামাক চাষ করেছেন। তিনি বলেন, দৌলতপুরের চেয়ে লালপুর ও বাঘা এলাকায় এখনো জমি অনেক সস্তায় ইজারা পাওয়া যায়। ইজারা শোধ করেও লাভ করা যায়। তিনি জানান, তাঁরা তিনজন মিলে এই এলাকায় ৩০ বিঘা জমিতে তামাক চাষ করেছেন।লালপুরের জয়কৃষ্টপুর গ্রামের কৃষক মহসীন আলী বলেন, কুষ্টিয়ার এক ব্যবসায়ীর কাছে তিনি সাত বিঘা জমি ইজারা দিয়েছেন। এক বিঘা জমি থেকে তিন মাসের ইজারা বাবাদ সাড়ে সাত হাজার টাকা পাবেন। তিনি বলেন, ‘এই জমিতে আগে অন্য ফসল আবাদ করতাম। কিন্তু তিন মাসে এই এলাকায় অন্য কোনো আবাদ করে এতটা লাভ করা যায় না।’কুষ্টিয়ার ব্যবসায়ীদের দেখাদেখি স্থানীয় কৃষকেরাও ঝুঁকে পড়ছেন তামাক চাষের দিকে। বাঘার দীঘা গ্রামের তামাক চাষি আবদুস সালাম বলেন, তাঁর নানার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। সেখানে গতবার তিনি তামাক ভাঙার কাজে গিয়েছিলেন। সে সময় তিনি জানতে পারেন যে তামাকের চাষে অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি হয়। নানা বাড়ি থেকে এই ধারণা নিয়ে এসে তিনি এবার তিন বিঘা জমিতে তামাকের চাষ করেছেন। তিনি বলেন, দীঘা ও পার্শ্ববর্তী পাঁচটি গ্রামে এবার শতাধিক বিঘা জমিতে তামাক চাষ হয়েছে।নাটোরের গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর গ্রামের কৃষক ওবায়দুর রহমান বলেন, ‘তামাক চাষ করতে যে পরিমাণ সার লাগছে তা কোম্পানির লোকেরাই দেয়। তা ছাড়া যাবতীয় পরামর্শ তারাই দিচ্ছে। দুদিন পরপরই কুষ্টিয়া থেকে কোম্পানির লোকেরা মাঠে আসেন। বিনিময়ে ওই কোম্পানির কাছে তামাক বিক্রি করতে হবে।’ তিনি জানান, তিনি নিজে সাত বিঘা জমিতে এবার তামাক চাষ করেছেন। তাঁর গ্রামের প্রায় ৮০ ভাগ কৃষকই তামাক চাষের সঙ্গে জড়িয়ে পড়েছেন। কৃষক ওবায়দুর আরও বলেন, এক বিঘা জমি ইজারা নিয়ে তামাক চাষ করলে ২০ হাজার টাকা খরচ হয়। তামাক বিক্রি করে খরচ বাদ দিয়েও ২০ হাজার টাকা লাভ থাকছে। নিজের জমি হলে এক বিঘায় ৩০ হাজার টাকার বেশি লাভ থাকে।অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) নামের একটি বেসরকারি সংস্থা রাজশাহীতে ধূমপান ও তামাক চাষবিরোধী সচেতনতা তৈরির জন্য মাঠপর্যায়ে কাজ করছে। এর প্রকল্প কর্মকর্তা এহসানুল আমিন বলেন, তামাক চাষের পর জমির স্বাভাবিক উত্পাদন ক্ষমতা নষ্ট হয়ে যায়। এ বিষয়ে তাঁরা কৃষকদের সচতেন করছেন।নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী আঞ্চলিক কৃষি কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, ‘তামাককে আমরা নিরুত্সাহিত করছি। এ জন্য কোনো পরিসংখ্যান সেভাবে নেই। তবে এটুকু আমরা জানি, রাজশাহী অঞ্চলের মধ্যে নাটোরে কিছু কিছু জায়গায় তামাক চাষ হচ্ছে।’