আশপাশ দখল, অনুষ্ঠান করা দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসংগ্রামী মাহবুব আহমেদ খানের নামে নির্মিত উন্মুক্ত স্মৃতি মঞ্চ প্রতিষ্ঠার ২৯ বছর পরেও সংস্কার করা হয়নি। দিনে দিনে মঞ্চের আশপাশ ও সামনের জায়গা দখল হয়ে যাচ্ছে। অব্যবস্থাপনায় স্থানীয় সাংস্কৃতিক কর্মীরাও এ মঞ্চে অনুষ্ঠান করার আগ্রহ হারিয়ে ফেলছেন।

জানা গেছে, ভাষাসংগ্রামী ঈশ্বরদীর প্রয়াত মাহবুব আহমেদ খানের স্মৃতি রক্ষায় ঈশ্বরদী পৌরসভার উদ্যোগে ১৯৮৬ সালে শহরের পুরোনো মটরস্ট্যান্ডে মঞ্চটি নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য ৫০, প্রস্থ ২৫ ও উচ্চতা ছয় ফুট। এ মঞ্চেই নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হতো। কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় মঞ্চটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট ঈশ্বরদী শাখার সভাপতি ইসমাইল হোসেন বলেন, মঞ্চটি রক্ষণাবেক্ষণ না করায় বর্তমানে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করার পরিবেশ নষ্ট হয়ে গেছে।

ঈশ্বরদীর সংস্কৃতি নিকেতনের সভাপতি মিজানুর রহমান বলেন, দখলদারদের কারণে তাঁরা এবার মঞ্চে অনুষ্ঠান না করে ঘরোয়াভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান করেছেন। মঞ্চের সামনে নানা ধরনের লোকজন ও যানবাহনের ভিড় লেগে থাকায় শুধু একুশের অনুষ্ঠান না, যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করাই এখন কঠিন হয়ে গেছে।

মঞ্চের দক্ষিণ পাশে ২৫ ফুটের মতো জায়গা দখল করে সেখানে চারটি ঘর তোলা হয়েছে। এর মধ্যে দুটিতে দোকান করা হয়েছে। একটিতে স্থানীয় যুবকেরা আড্ডা দেন। গত শনিবার দুপুরেও যুবকদের ওই ঘরে ক্যারম খেলতে দেখা যায়। আরেকটি ঘর তালাবদ্ধ অবস্থায় দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, মঞ্চের ওপর ও নিচের বিভিন্ন অংশে ফাটল ধরেছে। এর দেয়াল ও মেঝের কিছু অংশ থেকে পলেস্তারা খসে পড়েছে। মঞ্চের দক্ষিণে রয়েছে উন্মুক্ত জায়গা। সে জায়গাটি বাঁশের চটা দিয়ে ঘেরা।

দোকানের মালিক হিসেবে পরিচয়দানকারী টিটু ইসলাম নামে এক ব্যক্তি জানান, তিনি রেল কর্তৃপক্ষের কাছ থেকে জায়গা বন্দোবস্ত নিয়ে ঘর দুটি করেছেন।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবদুল আওয়াল বলেন, মঞ্চটি রেলের জায়গায় হলেও পৌরসভাই এটি নিয়ন্ত্রণ করে থাকে। ভাড়া তোলা কিংবা সংস্কারের দায়িত্ব পৌরসভার। কিন্তু তদারকির অভাবে বর্তমানে মঞ্চটির জায়গা দখল হয়ে যাচ্ছে।

ঈশ্বরদী পৌরসভা সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন মঞ্চটির তেমন কোনো সংস্কার হয়নি। তবে গত বছর ৮ হাজার ৭৫২ টাকা ব্যয়ে মঞ্চ রং করাসহ কিছু সংস্কার কাজ করানো হয়েছে। আর জমি দখলমুক্ত করার দায়িত্ব রেলওয়ের।

কিন্তু পাকশী রেলওয়ের ঈশ্বরদীর কানুনগো আমিরুল ইসলাম বলেন, ‘রেল থেকে স্থায়ীভাবে কাউকে ওই মঞ্চের সামনের জায়গা বরাদ্দ দেওয়া হয়নি। যারা দখল করে অবস্থান করছে, মাঝেমধ্যেই তাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। কিন্তু লোকবলের অভাবে আমরা কঠোর কোনো পদক্ষেপ নিতে পারছি না।’