আশরাফ-ফখরুল বৈঠক হয়েছে, আরও হবে: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন সরকার নিয়ে গতকাল শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে বৈঠক হয়েছে বলে স্বীকার করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ ধরনের বৈঠক আরও হবে বলেও জানান মন্ত্রী। আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

সৈয়দ আশরাফ ও মির্জা ফখরুলের মধ্যে বৈঠকের বিষয়টি স্বীকার করে ইনু বলেন, এ ধরনের বৈঠক সুষ্ঠু রাজনৈতিক আবহ তৈরি করতে সাহায্য করবে। এ ধরনের বৈঠক আরও হবে।

তথ্যমন্ত্রী বলেন, ‘সংলাপের দরজা বন্ধ হয়নি। সমঝোতার সুযোগ এখনো আছে। আমার বিশ্বাস, রাজনৈতিক প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন।’

গতকাল রাজধানীর বনানীর একটি বাড়িতে সৈয়দ আশরাফ এবং মির্জা ফখরুল গোপনে বৈঠক করেন। সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে সৈয়দ আশরাফ ওই বাড়িতে যান। এর আগে ছয়টা ৪০ মিনিটে মির্জা ফখরুল সেখানে পৌঁছান। বৈঠকে দুই দলের দুই নেতার সঙ্গে দলীয় অন্য কেউ ছিলেন না।

দুই দলের ঘনিষ্ঠ সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে প্রকাশ্যে কেউ কিছু বলতে রাজি হননি। বৈঠকের পর সৈয়দ আশরাফ ও মির্জা ফখরুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। তবে রাতে মির্জা ফখরুল বৈঠকের কথা অস্বীকার করেন।

সম্প্রতি বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত সম্পাদকীয় নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী। ওই সম্পাদকীয়কে উদ্দেশ্যমূলক ও অসত্য বলে আখ্যায়িত করেন তিনি। এ বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাবে বলেও জানান মন্ত্রী।

ওই সম্পাদকীয়র বিভিন্ন দিক তুলে ধরে ইনু বলেন, পত্রিকাটিতে যেসব বক্তব্য ছাপা হয়েছে, তা ভিত্তিহীন ও আপত্তিকর। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে অবশ্যই প্রতিবাদ জানানো হবে।

গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস-এর এক সম্পাদকীয়তে বলা হয়, মানবাধিকার লঙ্ঘন অব্যাহত থাকলে আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকে নিষেধাজ্ঞাসহ নানা চাপের মুখে পড়তে পারে বাংলাদেশ।