ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) বিভক্তির যৌক্তিকতা প্রমাণের জন্য গণভোট দেওয়ার দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের চ্যালেঞ্জের জবাবে পাল্টা চ্যালেঞ্জ হিসেবে তিনি এই দাবি জানান। তাঁর দাবি, গণভোট দেওয়া হলে ৯৮ শতাংশ মানুষই বলবেন যে তাঁরা একক ডিসিসি চান।গতকাল শনিবার রাজধানীর পল্টন এলাকায় হরতালের সমর্থনে প্রচারপত্র বিলি শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে এই দাবি করেন।গত শুক্রবার আওয়ামী লীগের এক সমাবেশে সৈয়দ আশরাফ ডিসিসি দুই ভাগ করার যৌক্তিকতা তুলে ধরে বিএনপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘আমরা এই নির্বাচনকে জনমত যাচাইয়ের গণভোট হিসেবে নিয়েছি। ডিসিসি নির্বাচনে অংশ নিন, দেখা যাবে কাদের জনপ্রিয়তা বেশি।’সৈয়দ আশরাফের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের চ্যালেঞ্জের জবাবে বলতে চাই, আগে গণভোট দিন। তাতে প্রমাণিত হবে, ডিসিসি বিভক্তিতে জনমত কোন দিকে।’এ ছাড়া মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপির নেতা-কর্মীদের বাড়ি বড়ি গিয়ে পুলিশ হুমকি দিচ্ছে। অনেককেই গ্রেপ্তারও করা হয়েছে। তিনি এর নিন্দা জানান।আওয়ামী ক্যাডারদের পুলিশের পোশাক দেওয়ার অভিযোগ: হরতাল ঠেকাতে সরকারি দলের অঙ্গসংগঠন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কুলি লীগের ক্যাডারদের পুলিশের পোশাক পরিয়ে নামিয়ে দেওয়া হবে বলে অভিযোগ করেছে বিএনপি। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তাঁর দাবি, তাঁরা বিভিন্ন সূত্র থেকে এ ধরনের খবর পেয়েছেন।রিজভী আহমেদ বলেন, গতকাল থেকে এ পর্যন্ত পুলিশ ঢাকার দুজন ওয়ার্ড কাউন্সিলরসহ বিএনপির শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার ও ৫৫ জনকে আহত করেছে।