আশরাফুজ্জামান ও মুঈনুদ্দীনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য শুরু
পলাতক আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার সূচনা বক্তব্যের পর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদের ভাগনি মাসুদা বানু। তাঁর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। জবানবন্দিতে মাসুদা বানু বলেন, একাত্তরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে পড়তেন। তিনি দেখেন, একটি গাড়িতে করে আশরাফুজ্জামান ও মুঈনুদ্দীন ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা থেকে অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদকে ধরে নিয়ে যান। স্বাধীনতার পরে আশরাফুজ্জামান ও মুঈনুদ্দীনের ছবি পত্রিকায় প্রকাশিত হওয়ার পর তিনি তাঁদের চিনতে পারেন। জবানবন্দি শেষে মাসুদা বানুকে জেরা শুরু করেন রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আবদুস শুকুর খান। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।