২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে অব্যাহতি চেয়ে পুলিশের সাবেক মহা-পরিদর্শক (আইজিপি) আশরাফুল হুদার আবেদনের শুনানি শেষ হয়েছে। গতকাল সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিশেষ এজলাসে এই শুনানি হয়। এ নিয়ে ১৪ জনের অব্যাহতির শুনানি শেষ হয়েছে। আরেক আসামি জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য আবদুল মালেক ওরফে গোলাম মোহাম্মদের অব্যাহতির আবেদনের শুনানি শুরু হয়েছে। গতকাল আসামি আশরাফুল হুদার পক্ষে আইনজীবী টি এম আকবর, আবদুল মালেকের পক্ষে তাহিসনুল হক ও রাষ্ট্রপক্ষে সৈয়দ রেজাউর রহমান শুনানি করেন। রাষ্ট্রপক্ষে আরও ছিলেন আইনজীবী আবু আবদুল্লাহ, আকরাম উদ্দিন। শুনানি শেষে বিচারক শাহেদ নুর উদ্দিন ৪ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।আইনজীবী টি এম আকবর আদালতকে বলেন, আশরাফুল হুদার বিদেশ যাওয়ার বিষয়টি পূর্বনির্ধারিত ছিল। মুফতি হান্নানকে যখন গ্রেপ্তার করা হয়, তখন আশরাফুল হুদা অবসরে ছিলেন। তিনি ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। জানতে চাইলে এ মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, তদন্তে বেরিয়ে এসেছে, আশরাফুল হুদা আইজিপি থাকা অবস্থায় নিজেকে বাঁচাতে পরিকল্পিতভাবে ২১ আগস্ট হামলার আগে বিদেশে চলে যান। ওই সময় ভারপ্রাপ্ত আইজিপি মিজানুর রহমান হামলার ঘটনার তদন্ত করতে চাইলে তাঁর প্রতি ক্ষুব্ধ হন আশরাফুল হুদা। মিজানুর রহমান আদালতে জবানবন্দি দিয়ে এ ব্যাপারে তথ্য দেন।