আশরাফুলকেও অপহরণের দাবি পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে গ্রেপ্তার হওয়া আশরাফুল ইসলামের পরিবারও দাবি করেছে, গ্রেপ্তারের চার দিন আগে পাবনার ঈশ্বরদী থেকে আশরাফুলকে অপহরণ করা হয়েছে। ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। ঈশ্বরদী থানার পুলিশ অপহরণের ঘটনায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছে। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া আবদুস সামাদের পরিবার দাবি করে, চুয়াডাঙ্গা থেকে গত মঙ্গলবার সামাদকে অপহরণ করা হয়।গত বুধবার সাভারের নবীনগর বাসস্ট্যান্ড থেকে আবদুস সামাদ (৩৯) ও আশরাফুল ইসলাম (৩০) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব দাবি করে, ওই দুই ব্যক্তি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য। গ্রেপ্তারের পর আবদুস সামাদের পরিবার দাবি করে, মঙ্গলবার চুয়াডাঙ্গা থেকে আবদুস সামাদকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় তাঁর বড় ভাই নুহু নবী মঙ্গলবারই দামুড়হুদা থানায় মামলা (নং-২৬) করেন। গত বৃহস্পতিবার রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আশরাফুলের বোন ছালিমা খাতুন বলেন, আশরাফুল কোনো জঙ্গি সংগঠনের সদস্য নন। তিনি স্থানীয় কাদিমপাড়া হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন। গত রোববার বিকেল পাঁচটার দিকে ঈশ্বরদীর মহাদেবপুর মসজিদের সামনে থেকে অজ্ঞাত পরিচয় কয়েক ব্যক্তি একটি সাদা মাইক্রোবাসে করে আশরাফুলকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় এলাকাবাসীর সঙ্গে অপহরণকারীদের হাতাহাতিও হয়। একপর্যায়ে তারা প্রশাসনের লোক বলে গুলি চালানোর হুমকি দিলে এলাকাবাসী পিছু হটে। সংবাদ সম্মেলনে আশরাফুলের বাবা আবদুস সামাদ, মা ফরিদা খাতুন, ভাই রফিকুল ইসলামসহ প্রতিবেশীরা উপস্থিত ছিলেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার টেলিভিশনের সংবাদ থেকে জানতে পারলাম, তিনি র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। এর বেশি তাঁর জানা নেই।’ এ ব্যাপারে গতকাল শুক্রবার র্যাব সদর দপ্তরে যোগাযোগ করা হলে দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, অপহরণের বিষয়টি তাঁদের জানা নেই।ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তারের পর গত বৃহস্পতিবার সদর দপ্তরে সাংবাদিকদের সামনে হাজির করে। এ সময় র্যাব দাবি করে, আবদুস সামাদ হুজির সিলেট শহর শাখা ও আশরাফুল ঈশ্বরদী থানা শাখার সাধারণ সম্পাদক। সামাদের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে। আর আশরাফুলের বাড়ি ঈশ্বরদীর সাহাপুর পূর্বপাড়া গ্রামে।