আশরাফুলের সব স্বপ্ন শেষ!
এসএসসি পরীক্ষা উপলক্ষে স্বজনদের দেওয়া টাকা থেকে কিছুটা বাঁচিয়ে বাগান করেছিল কলেজছাত্র আশরাফুল আলম। বাগান দিয়েই নিজেকে স্বাবলম্বী করে তোলার স্বপ্ন ছিল তার। তবে রাতের আঁধারে সেই স্বপ্ন শেষ। দুর্বৃত্তরা বাগানের সব গাছ কেটে দিয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার আকুবপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। শুধু বাগানের গাছ নয়; আশরাফুলের বাড়ির পাশে লাগানো গাছগুলোও কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হতাশ হয়ে পড়েছে সে। ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আকুবপুর গ্রামে মাহফুজ মিয়ার ছেলে আশরাফুল ২০১১ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা উপলক্ষে আত্মীয়স্বজন তাকে বেশ কিছু টাকা দেন। তবে আশরাফুল তা থেকে কিছু টাকা জমিয়ে রাখে নিজের পরিকল্পনা বাস্তবায়নে। পরীক্ষা শেষ করে আশরাফুল পৈতৃক জমিতে বাগান তৈরির কাজে লেগে যায়। সেখানে আকাশমণিসহ বনজ ও ফলদ ৩৬০টি চারা রোপণ করে সে। তার যত্নে গত দুই বছরে গাছগুলো তরতর করে বেড়ে ওঠে। তবে বৃহস্পতিবার রাতের আঁধারে সব গাছ কেটে দিয়ে যায় দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে আশরাফুল বিষয়টি টের পায়। হতাশ আশরাফুল প্রথম আলোকে জানায়, প্রায় ২০ হাজার টাকা খরচ করে সে ২০১১ সালে বাগানটি করে। বাগানটি নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। ১০ থেকে ১৫ বছর থাকলে গাছগুলো বিক্রি করে অর্ধকোটি টাকা পাওয়া যেত। আশরাফুলের বাবা মো. মাহফুজুর রহমান বলেন, ওই বাগানের পাশাপাশি তাঁদের বাড়ির পাশে লাগানো গাছগুলোও কেটে দিয়েছে দুর্বৃত্তরা। কারা শত্রুতা করে এ কাজ করেছে, তা তাঁরা বুঝতে পারছেন না। এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে থানায় আবেদন করা হবে।বন বিভাগের কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান বলেন, ঘটনাটি খুব দুঃখজনক। বাগানটি যেহেতু ব্যক্তিমালিকানাধীন; তাই বাগানের মালিক থানায় আবেদন করলে পুলিশ দোষীদের খুঁজে বের করবে। কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. মোরশেদ পারভেজ তালুকদার বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।