আশরাফের নেতৃত্বও চ্যালেঞ্জের মুখে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ আশরাফুল ইসলামকে দপ্তরবিহীন মন্ত্রী করার পেছনে মন্ত্রণালয়ে নিষ্ক্রিয়তাই কারণ বলে মনে করছেন দলের অধিকাংশ নেতা। তবে অনেকে মনে করেন, হঠাৎ তাঁকে দপ্তরবিহীন করার কারণে দলের সাধারণ সম্পাদকের পদটিও চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে।
গতকাল শুক্রবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী, উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটির সাতজন নেতার সঙ্গে কথা বলে এ মনোভাবের কথা জানা গেছে। তাঁদের মতে, সৈয়দ আশরাফের মন্ত্রণালয়ে নিষ্ক্রিয়তা নতুন বিষয় নয়। এখন দলের সাংগঠনিক কাজে তিনি দৃশ্যমান কোনো তৎপরতা দেখাতে না পারলে নতুন কাউকে সাধারণ সম্পাদক করার দাবি উঠতে পারে।
এরই মধ্যে সৈয়দ আশরাফ ১৫ জুলাই লন্ডনে যাচ্ছেন বলে জানা গেছে। দলের একজন যুগ্ম সাধারণ সম্পাদকসহ আশরাফের ঘনিষ্ঠ তিনজন নেতা প্রথম আলোকে বলেন, আশরাফের স্ত্রী ও মেয়ে লন্ডনে থাকেন। তিনি পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে যাচ্ছেন। তাঁর লন্ডনে যাওয়া নিয়মিত ঘটনা।
এদিকে মন্ত্রিপরিষদে আরও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি গতকাল সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, মন্ত্রিপরিষদে নতুন করে পরিবর্তন হচ্ছে কি না, সেটা বলা মুশকিল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন হাত দিয়েছেন, তখন দেখা যাক কী হয়। একটু পুনর্গঠন হবে, তবে কীভাবে হবে বলা মুশকিল।
সৈয়দ আশরাফকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অব্যাহতি দেওয়ায় এই মন্ত্রণালয় আরও গতিশীল হবে বলেও মন্তব্য করেন জনাব মুহিত। এ ছাড়া দলের সাধারণ সম্পাদক করার সময় সৈয়দ আশরাফকে দপ্তরবিহীন মন্ত্রী করার একটি প্রস্তাব ছিল বলে দাবি করে অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী এত দিন পর ওই প্রস্তাবই রূপায়ণ করেছেন।’
এরই মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সৈয়দ আশরাফকে সরিয়ে দেওয়ার পেছনে দলকে বেশি সময় দেওয়ার বিষয়টি সামনে নিয়ে এসেছেন। গতকাল বাবুবাজার সেতু এলাকা পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘হয়তো তিনি (প্রধানমন্ত্রী) মনে করেছেন, সে (সৈয়দ আশরাফ) অতিরিক্ত ভার বহন করছেন। দলে আরও ভালো করে বেশি সময় দেওয়ার জন্য এটা (দপ্তরবিহীন করা) হতে পারে।’
সভাপতিমণ্ডলী ও উপদেষ্টা পরিষদের দুই নেতার মতে, মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার ফলে সৈয়দ আশরাফ দলে বেশি ভূমিকা রাখতে পারবেন—এমন প্রচার তাঁর জন্য আরও অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করবে। দলের বর্তমান কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত। এই পাঁচ-ছয় মাসের মধ্যে সৈয়দ আশরাফ দলের সাংগঠনিক কাজে দৃশ্যমান ভূমিকা রাখতে না পারলে নতুন কাউকে সাধারণ সম্পাদক করার বিষয়টি সামনে চলে আসবে। তাই এ সময়টা সৈয়দ আশরাফের ‘রাজনৈতিক ক্যারিয়ারের জন্য চ্যালেঞ্জিং’ বলে মনে করেন নাম প্রকাশে অনিচ্ছুক এ দুই নেতা।
অবশ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন মনে করেন, এখন দলে আরও বেশি সময় দিতে পারবেন আশরাফ। তাঁর নেতৃত্বগুণ, সততা ও দলের প্রতি অনুরাগ নিয়ে কারোরই কোনো প্রশ্ন নেই।
উপদেষ্টা পরিষদের আরেক সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল রাজধানীতে এক আলোচনা সভায় বলেন, ‘সৈয়দ আশরাফ একজন আপাদমস্তক রাজনীতিক। তাঁর কাছে মন্ত্রিত্বের পোর্টফোলিও বড় ব্যাপার নয়।’
আশরাফের দপ্তর হারানোর বিষয়ে সুরঞ্জিত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি দেশ, জাতি ও দলের স্বার্থেই করেছেন বলে ধরে নিতে হবে। তিনি বলেন, আশরাফ যেখানেই থাকেন, পারিবারিক ঐতিহ্য ও জাতীয় চার নেতার একজনের সন্তান হিসেবে নিজস্ব মেধা ও মননে একজন সৎ রাজনীতিবিদ হিসেবে ভূমিকা রাখবেন।
আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, আশরাফকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিলে দলের কার্যক্রমে বেশি ভূমিকা রাখতে পারবেন—এটা কতটা বাস্তবসম্মত, তা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কারণ, এক-এগারোর পর সৈয়দ আশরাফ দলের নীতিগত বিষয়ের বাইরে খুব একটা তৎপর ছিলেন না। বরং আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ ও ঘরোয়া আলোচনায় সাফল্য দেখিয়েছেন। আশরাফের কারণে দল ও সরকারে কোনো সংকটের সৃষ্টি হয়নি। এরপরও তাঁকে দপ্তরবিহীন মন্ত্রী করাটা তাঁর জন্য একটা সংকেত।
সভাপতিমণ্ডলীর আরেক সদস্য বলেন, এক-এগারোর বলিষ্ঠ ভূমিকার কারণেই সৈয়দ আশরাফ দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ক্ষমতায় আসার পর বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটে। তখন তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা কিছু দেশ সরকারের পক্ষে বিবৃতি দেয়। সেটা সৈয়দ আশরাফের কূটনৈতিক যোগাযোগের ফল বলেও দলে আলোচনা আছে। এরপর ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের আগে জাতিসংঘের মহাসচিবের বিশেষ সহকারী অস্কার ফার্নান্দেজ তারানকোর দূতিয়ালির সময় বিএনপির সঙ্গে বৈঠকেও আশরাফ দক্ষতার পরিচয় দিয়েছেন। ওই সময় সমঝোতার লক্ষ্যে আশরাফ বিরোধী দলকে একটু ছাড় দেওয়ার পক্ষে ছিলেন বলেও আলোচনা আছে।
আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একাধিক নেতা এ-ও স্বীকার করেছেন যে দলে বা সরকারে আশরাফের সব সময় একটা স্বতন্ত্র অবস্থান ছিল। সাংসদদের জন্য বিশেষ বরাদ্দের বিষয়ে বরাবরই তাঁর নেতিবাচক মনোভাব ছিল বলে প্রচার আছে। সর্বশেষ একনেক সভায় সাংসদদের জন্য ৬ হাজার ৭০০ কোটি টাকার যে বিশেষ বরাদ্দ অনুমোদন করা হয়, সেটা তাঁর মন্ত্রণালয়ের অধীন। ওই সভায় তিনি অনুপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৮ এপ্রিলের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে নির্বাচন কমিশনের কাছে সরকারের নির্দেশনা যাওয়া নিয়েও তিনি অসন্তুষ্ট ছিলেন। এটি পদ্ধতিগতভাবে সঠিক না হওয়ায় আগের প্রস্তাব ফেরত এনে পরে মন্ত্রণালয়ের মাধ্যমে নতুন করে নির্বাচন কমিশনে পাঠানো হয়। জেলা পরিষদে সরকারের মনোনীত প্রশাসক দেওয়াসহ আরও কিছু নীতিনির্ধারণী বিষয়ে আশরাফের স্বতন্ত্র একটা মনোভাব ছিল। অবশ্য দলের কেউই তাঁর এই অবস্থানকে মতপার্থক্য হিসেবে চিহ্নিত করতে চাননি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন প্রথম আলোকে বলেন, শেখ হাসিনা ও সৈয়দ আশরাফ দুজনের মধ্যে ভাইবোনের মতো সম্পর্ক। দুজন মিলে যা ভালো মনে হয়েছে, সেই সিদ্ধান্তই নিয়েছেন। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই।