আশা আর হতাশার'নগর' গাজীপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের অনেক জায়গায় এখনো নগরের কোনো ছোঁয়া না লাগলেও সবাই ব্যস্ত নগরপিতা নির্বাচন নিয়ে।
গাজীপুর সিটি করপোরেশনের অনেক জায়গায় এখনো নগরের কোনো ছোঁয়া না লাগলেও সবাই ব্যস্ত নগরপিতা নির্বাচন নিয়ে।

ট্রেনে টঙ্গী এলাকায় ঢোকার পর ডান পাশে চিরায়ত গ্রামের দৃশ্য। ধানখেত, কাঁচা-আধা পাকা রাস্তা। গরু চরছে, পাশে ছোট ছেলেমেয়েরা মাছ ধরছে। দেখতে গ্রাম হলেও এসব এলাকা এখন নগর, সিটি করপোরেশনের অধীন। এ কথা জানান দেয় দড়িতে ঝুলতে থাকা সারি সারি নির্বাচনী পোস্টার। গাজীপুর সিটি করপোরেশনের অনেক জায়গায় এখনো নগরের কোনো ছোঁয়া না লাগলেও সবাই ব্যস্ত নগরপিতা নির্বাচন নিয়ে। অনেকে আশা করছেন, প্রথম মেয়র পাওয়ার পর তাঁদের নতুন শহর আসলেই শহর হয়ে উঠবে। আস্তে আস্তে আসবে আধুনিক সব নাগরিক সুযোগ-সুবিধা। আবার অনেকে বেজার। তাঁদের কথা, সিটি করপোরেশন হয়ে আদপে তাঁদের কোনো লাভ নেই। উলটো নানা খাতে গুনতে হবে বাড়তি টাকা। তেমনই একজন বোর্ডবাজারের পশ্চিমে কমলেশ্বর বাজারের দোকানি মনির হোসেন। তিনি বলছিলেন, সিটি করপোরেশন হওয়ায় ‘ভেজাল’ বেড়েছে। এখন নিজের জায়গায় ঘর করতে, জায়গা বিক্রি করতে গেলেও অনুমতি নিতে হবে। প্ল্যান পাস করাতে হবে। ট্যাক্স গুনতে হবে। কিন্তু লাভের লাভ কিছু হবে না। মনিরের ভাষায়, ‘সিটি করপোরেশন বড়লোকদের জন্য ঠিক আছে। গরিবদের জন্য সমস্যা।’

পাশ থেকে আরেকজন বলে উঠলেন, ‘এখন তো কলের (নলকূপ) পানি খাই। ট্যাকা লাগে না। নির্বাচনের পর নাকি সিটি করপোরেশন পানির লাইন দিব। ওই পানি ব্যবহার করলেও ট্যাকা লাগব, না করলেও লাগব।’ তাঁদের এ ধরনের বক্তব্যের সঙ্গে স্থানীয় অনেকেই একমত।

 বোর্ডবাজার থেকে কমলেশ্বর বাজারে যাওয়ার রাস্তাটি ভাঙাচোরা। বেশি ভেতরে রিকশাচালকদের অনেকে যেতে চান না। এটি আগে ছিল ইউনিয়ন পরিষদের অধীনে। এখন গাজীপুর সিটির ৩৫ নম্বর ওয়ার্ড। মূল সড়কের বেশ কাছেই। কিন্তু এখনো আধুনিক শহর বলা চলে না। স্থানীয় বাসিন্দা রাসেলের আশা, মেয়র নির্বাচনের পর তাঁদের এলাকার চেহারা পালটে যাবে। অন্তত রাস্তাঘাট উন্নত হবে।

একই ধরনের আশা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ডেগেরচালার বাসিন্দা এম জামানের। বাসে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলছিলেন, তাঁর বাসা থেকে মহাসড়কে আসার রাস্তার অবস্থা ‘ভয়াবহ’, চলাচলের অনুপযোগী। তিনি বিকল্প রাস্তা দিয়ে চলাচল করেন। আশপাশের অনেক এলাকার রাস্তার অবস্থাই এরকম। তবে তিনি আশাবাদী। তাঁর আশা, নির্বাচনের পর নতুন এই শহরের এসব রাস্তাঘাট ঠিক হবে। পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা করা হবে। ভালো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠবে।