আশা ও কণার খুনিদের শাস্তির দাবি
সিরাজগঞ্জ পৌর এলাকার তৃতীয় শ্রেণীর ছাত্রী আশা খাতুনের (৮) হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার শহরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে। এদিকে বগুড়া পর্যটন মোটেলে ধুনটের কলেজছাত্রী কণা খাতুনের (২০) হত্যাকাণ্ডের প্রায় তিন মাস পার হলেও এখন পর্যন্ত ঘাতককে গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মামলার বাদী।
সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী আশা খাতুন ১৩ জানুয়ারি খুন হয়। খুনিদের বিচারের দাবিতে গতকাল সকাল নয়টা থেকে আধা ঘণ্টা শহরের মুজিব সড়কে সচেতন সিরাজগঞ্জবাসীর ব্যানারে মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা ও সাংবাদিকেরা অংশ নেন। পরে পাবলিক লাইব্রেরিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আশার বাবা জুড়ান আলী মণ্ডল অভিযোগ করেন, শিক্ষকদের দায়িত্বহীনতার কারণেই আশা খুন হয়েছে। তিনি আসামিদের দ্রুত গ্রেপ্তারসহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় সচেতন সিরাজগঞ্জবাসীর পক্ষে শওকত আলী, অ্যাকশন এইড বাংলাদেশের প্রতিনিধি নুরুন্নাহার প্রমুখ বক্তৃতা করেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারিক জানান, বোরকা পরিহিত এক নারী আশাকে ডেকে নিয়ে গেছেন—এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বগুড়ার শাজাহানপুর থানা ও এলাকাবাসী সূত্র জানায়, ধুনট উপজেলার ধেরুয়াহাটি গ্রামের কলিম উদ্দিনের মেয়ে কণা খাতুন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের মনোবিজ্ঞান বিষয়ে সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। গত ১ নভেম্বর বিকেলে স্বামী-স্ত্রী পরিচয়ে কণা তাঁর বন্ধু এনামুল হকের সঙ্গে বগুড়া পর্যটন মোটেলে যান। পরদিন পুলিশ মোটেলের কক্ষের দরজা ভেঙে কণার লাশ উদ্ধার করে। এ ঘটনায় কণার ভাই নজরুল ইসলাম শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
নজরুল ইসলাম বলেন, অনেক আগেই খুনিদের নাম-ঠিকানা শনাক্ত করে পুলিশের কাছে দেওয়া হলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।
মামলার তদন্ত কর্মকর্তা শাজাহানপুর থানার এসআই আবদুস ছালাম বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদনে ওই ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত ঘাতককেও শনাক্ত করা হয়েছে। যেকোনো সময় ঘাতককে গ্রেপ্তার করতে পারব বলে আশা করছি।’