মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সাধনপুর জুনিয়র হাইস্কুল ওই এলাকার অন্তত ১০টি গ্রামের শিক্ষার্থীদের ভরসা। বিদ্যালয়টি দিনে দিনে শিক্ষার্থীদের জন্য আশাজাগানিয়া হয়ে উঠছিল। কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটি গত ২২ ডিসেম্বর বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করে।এ ঘোষণায় ওই এলাকার দরিদ্র ও অনগ্রসর পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলাকার আবদুল বাছিত ২০০২ সালে সাধনপুর উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এলাকার বিদ্যানুরাগী সাত ব্যক্তি বিদ্যালয়ের জন্য ৮২ শতক জমি দান করেন। অনেকে দেন আর্থিক সহায়তা। ২০০৬ সাল থেকে বিদ্যালয়ে পাঠদান শুরু হয়। পরের বছর সিলেট শিক্ষা বোর্ড পাঠদানের আনুষ্ঠানিক অনুমতি দেয়। তবে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়নি।বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোক্তা আবদুল বাছিত বলেন, সাধনপুর এলাকা থেকে প্রায় চার ও পাঁচ কিলোমিটার দূরে দুটি স্কুল রয়েছে। দূরবর্তী হওয়ায় অনেকেই ওই বিদ্যালয় দুটিতে তাঁদের ছেলেমেয়েদের পাঠাতে চান না। তাই প্রাথমিক শিক্ষা সমাপনীর পর অনেক ছাত্রছাত্রী ঝরে পড়ে। এই ঝরে পড়া রোধের লক্ষ্যেই বিদ্যালয়টি গড়ে তোলা হয়েছিল। এটি বন্ধ হলে অনেক শিক্ষার্থীর আর পড়াশোনা হবে না।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গত বছর বিদ্যালয়ের নাম নিয়ে মতবিরোধ দেখা দেয়। একপর্যায়ে এলাকার গরিব শিক্ষার্থীদের স্বার্থে এলাকার গণমান্য ব্যক্তিদের নিয়ে সমঝোতা করে সাধনপুর-কাউকাপন জুনিয়র হাইস্কুল নাম করে দলিল সংশোধন করা হয়। এক বছর চাঁদা তুলে বিদ্যালয়ের কার্যক্রম অব্যাহত রাখা হয়। আর সম্ভব হচ্ছিল না। এ ছাড়া কমিটির সভা আহ্বান করা হলেও অনেকে উপস্থিত হন না। শেষমেশ বন্ধ ঘোষণা করতে বাধ্য হই।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান জাহাঙ্গীর একই দিন বলেন, অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অন্য কোনো কারণও থাকতে পারে। তিনি আরও জানান, বিদ্যালয়ে নিয়মিত চারজন ও অনিয়মিত তিনজন শিক্ষক ছিলেন। প্রায় ১৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করত।বিদ্যালয়ের ভূমিদাতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. মন্তাজ আলী বলেন, আঞ্চলিকতা নিয়ে কিছু সমস্যা ছিল। সেটা সমাধান হয়ে গেছে। এখন বিদ্যালয়টি বন্ধ হয়ে যাওয়া দুঃখজনক ঘটনা। কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা বলেন, বিদ্যালয় থেকে বইয়ের চাহিদা দেওয়া হয়েছিল। কিন্তু বই নেওয়া হয়নি। বিদ্যালয়টি বন্ধ করে দেওয়া হয়েছে।জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘এটা আমাদের জন্য লজ্জাজনক। আমি কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বলেছি, বিদ্যালয়টি কেন বন্ধ করা হলো তা তদন্ত করতে এবং গ্রামবাসীর মতামত নিয়ে বিদ্যালয় চালু রাখার ব্যবস্থা করতে।’