আশা-নিরাশার দোলাচলে জাতীয় জ্বালানি নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক জাতীয় সেমিনারে বিশেষজ্ঞদের বক্তব্য জ্বালানি নিরাপত্তার বিষয়ে আশা-নিরাশার দোলাচল সৃষ্টি করেছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল ভবনে আজ শনিবার বিকেলে কেমিকৌশল বিভাগ ও কেমিকৌশল অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। 

সেমিনারে দোলাচলের একটি দিক উঠে আসে অধ্যাপক ইজাজ হোসেনের উপস্থাপিত মূল বক্তব্যে। তিনি বলেন, দেশে গ্যাসের মজুত ফুরিয়ে যাচ্ছে। শিল্প, বিদ্যুৎ, সার, সিএনজি, গৃহস্থালি প্রভৃতি কোনো শ্রেণির গ্রাহকই চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না। বিপুল পরিমাণ উন্নত মানের কয়লার মজুত থাকলেও দেশের খনিগুলো থেকে বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহারের জন্য তা প্রয়োজনীয় পরিমাণে তোলার উদ্যোগ নেই।
ইজাজ হোসেন বলেন, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা দেশের জ্বালানি খাতকে আমদানিনির্ভর করে তুলছে, যা অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তার বিবেচনায় ঝুঁকিপূর্ণ। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে নিজস্ব জ্বালানি সম্পদের ব্যবহার বাড়াতে হবে। জ্বালানির দামও নির্ধারণ করতে হবে বাণিজ্যিক বিবেচনায়।
দোলাচলের অন্য দিকটি হচ্ছে, দেশের স্থলভাগ ও সমুদ্রবক্ষে আরও গ্যাস পাওয়ার সম্ভাবনা প্রচুর। এখন পর্যন্ত তেল-গ্যাসের যে অনুসন্ধান দেশে হয়েছে, তা প্রথম পর্যায়ের। দ্বিতীয় পর্যায়ে অনুসন্ধানের মতো আরও অনেক সম্ভাবনাময় ক্ষেত্র আছে। আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতাও জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই পরিস্থিতি দুঃস্বপ্ন দেখার বা দেখানোর মতো নয়। দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করা। এ কাজে সরকারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীদেরও হাত মেলাতে হবে।
এ বক্তব্য উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরূল ইমাম এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং নবগঠিত বাংলাদেশ এনার্জি রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান আহমেদ কায়কাউসের উপস্থাপিত বক্তব্যে।
কেমিকৌশল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) অন্যতম সদস্য রহমান মুরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকেরা নতুন নতুন ধারণা ও গবেষণালব্ধ জ্ঞান নিয়ে সরকারের পাশে দাঁড়ালে কোনো দুঃস্বপ্ন থাকবে না। সরকার বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার জন্য সুযোগ সৃষ্টি করতেও প্রস্তুত।
সেমিনারে বুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য জেবুন নাসরিন আহমেদ, বিইআরসির সাবেক সদস্য এমদাদুল হক, সেলিম মাহমুদ প্রমুখ বক্তব্য দেন। বুয়েটের সাবেক ও বর্তমান প্রবীণ কয়েকজন শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিশিষ্টজনেরা সেমিনারে উপস্থিত ছিলেন।