আশা নিয়ে যাওয়া, যন্ত্রণা নিয়ে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এমন অত্যাচার করত, চোখের পানি শুকাইয়া গেছিল। কান্দনও ভুইল্যা গেছিলাম’, কথাগুলো বলছিলেন লেবানন থেকে দেশে ফিরে আসা ৩০-ঊর্ধ্ব এক নারী। সংসারের সচ্ছলতার আশায় গৃহকর্মীর কাজ নিয়ে দেশটিতে গিয়ে ফিরে এসেছেন যন্ত্রণা নিয়ে, শূন্য হাতে।
তাঁর সঙ্গে গতকাল শুক্রবার সকালে ঢাকায় ফিরেছেন আরও নয়জন নারী। তাঁরাও তাঁর মতো কয়েক বছর আগে গৃহকর্মীর চাকরি নিয়ে গিয়েছিলেন লেবাননে। বেতন বাংলাদেশি মুদ্রায় ১২ থেকে ১৬ হাজার টাকা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সবাই জানালেন মারধর-নির্যাতনের শিকার হওয়ার কথা। পরে কর্মস্থল থেকে পালিয়ে জরিমানা গুনে ফিরেছেন দেশে।
৩০-ঊর্ধ্ব ওই নারী বললেন, দেশে স্বামী, ছেলেমেয়ে আছে। ওদের ভালোর জন্য তিন বছর আগে গৃহকর্মীর কাজ করতে ১ লাখ ৭০ হাজার টাকা খরচ করে লেবানন যান। মাসে বেতন ২০০ মার্কিন ডলার। কিন্তু যে বাড়িতে কাজ করতেন সেখানে গৃহকর্তা ও পরিবারের লোকজন কথায় কথায় মারধর করত। নির্যাতন চালাত। খাবারও দিত না। এ কারণে ওই বাড়ি থেকে পালান। এ জন্য আকামা (নিয়োগপত্র) বাতিল হওয়ায় অবৈধ শ্রমিক হয়ে পড়েন। জরিমানা দিতে ও বিমান টিকিট কেনার জন্য বিভিন্ন বাসায় খণ্ডকালীন কাজ করেন।
বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাঁর পাশে ট্রলি নিয়ে দাঁড়িয়েছিলেন আরেক নারী। বিদেশে কাজ করার অভিজ্ঞতা জানতে চাইলে তিনি দুই হাত মেলে ধরেন। দুই হাতেই পোড়া দাগ। তিনি প্রথম আলোকে বললেন, ‘২০১৩ সালে গৃহকর্মীর কাজ করতে লেবাননে যাই। মাসে বেতন ছিল ১৫০ ডলার। তা-ও ঠিকমতো দিত না গৃহকর্তা। কাজ করি না, এমন অজুহাত দিয়া মারত, চুল কাইট্টা দিত, গরম লোহায় হাতে ছ্যাঁকা দিত। খাওনও দিত না। চুরি কইরা খাইতাম। ধরা পড়লে মাইর শুরু করত।’ তিনি আরও বলেন, স্বামী পক্ষাঘাতগ্রস্ত। দুই মেয়ের বিয়ের বয়স হয়েছিল। তাই ভালো রোজগারের আশায় বিদেশে গিয়েছিলেন। কিন্তু টাকা জমাতে পারেননি। উল্টো আঘাত-যন্ত্রণা সঙ্গী করে চলে আসতে হলো।
আরেক নারীও বললেন চুল কেটে দেওয়ার ও কয়েক মাস বেতন না দেওয়ার কথা। তিনি বলেন, আরও অনেকে লেবাননে মারধর, অত্যাচারের শিকার হচ্ছেন। কেউ মুখ বুজে সহ্য করছেন, আর কেউ দেশে ফেরার উপায় খুঁজছেন।
লেবানন থেকে ফেরা এসব নারী বললেন, সেখানে সবচেয়ে বড় সমস্যা ছিল ভাষা। এক নারী বললেন, লেবানন যাওয়ার চেয়ে দেশে ভিক্ষা করাও ভালো।
তাঁদের মতো আরও প্রায় ৩০ জন নারী গতকাল তিনটি ফ্লাইটে দেশে ফিরেছেন।