আশা পূরণ হলো না ইসতিয়াকের বাবার
‘তন্ময় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে চাইছিল। ওর স্বপ্ন পূরণ করতে ওকে আমি ময়মনসিংহ শহরের সিটি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণিতে ভর্তি করে ছিলাম। আশা ছিল উচ্চশিক্ষা নিয়ে ছেলে বড় ইঞ্জিনিয়ার হবে। আমার সেই আশা আর পূরণ হবে না। কারণ আমার সেই সন্তানরে তার সহপাঠীরা নৃশংসভাবে হত্যা করেছে।’
ময়মনসিংহ শহরে গত শুক্রবার রাতে খুন হওয়া ইসতিয়াক আহমেদ ওরফে তন্ময়ের লাশ গতকাল শনিবার তাদের গ্রামের বাড়ি নালিতাবাড়ী পৌর শহরের সাহাপাড়ায় আনা হলে তার বাবা ফরিদ আহমেদ বিলাপ করতে করতে এসব কথা বলেন।
গতকাল দুপুরে ইসতিয়াকের লাশ সাহাপাড়ায় আনা হলে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা বিলাপ করতে থাকেন। কেউ কেউ শোকে মূর্ছা যান। এ দৃশ্য দেখে প্রতিবেশীরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
বিকেলে পৌর শহরের গড়কান্দা জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা ও সন্ধ্যায় উপজেলার নিচপাড়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে নিচপাড়া কবরস্থানে ইসতিয়াকের লাশ দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফরিদ আহমেদ নালিতাবাড়ী পৌর শহরে কাপড়ের ব্যবসা করেন। তাঁর ছেলে ইসতিয়াক অষ্টম শ্রেণি পর্যন্ত নালিতাবাড়ী তারাগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে পড়েছে। পরে মা-বাবা তাকে ময়মনসিংহের সিটি কলেজিয়েট স্কুলে ভর্তি করেন। গত শুক্রবার সন্ধ্যায় শহরের নতুন বাজার এলাকার একটি কলেজের মাঠে সহপাঠীদের ছুরিকাঘাতে ইসতিয়াক খুন হয়।