
বেলা দেড়টা। কলেজের দেয়ালে কর্মচারী নোটিশ টাঙাতেই সবাই হুড়মুড়িয়ে পড়লেন। তাঁরা খুঁজছিলেন নিজের রোল নম্বর। রোলের পাশে ফলাফল দেখে কেউ কেউ উল্লাস প্রকাশ করছিলেন। আবার কেউ মাথা নিচু করে ভিড় ঠেলে বেরিয়ে আসছিলেন।
উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর গতকাল রোববার ঢাকা কলেজ প্রাঙ্গণে ছিল এমন দৃশ্য।
প্রায় পৌনে দুই শ বছরের পুরোনো এই ঐতিহ্যবাহী কলেজটিতে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। কমেছে পাসের হারও।
গত বছর কলেজটিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা মিলিয়ে সম্মিলিত পাসের হার ছিল ৯৯ দশমিক ৫৮ শতাংশ। এবার তা কমে এসে দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৭ শতাংশে। এবার তিন শাখা মিলিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৫০২ জন, যা গত বছর ছিল ৫৯৯ জন। এবার বিজ্ঞান শাখায় পরীক্ষা দেওয়া ৭১১ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৯০ জন, আর অকৃতকার্য হয়েছেন দুজন। গত বছর শুধু বিজ্ঞান শাখা থেকে ৫৮৫ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছিলেন ৫৭০ জন।
২০১৭ সালে কলেজটি থেকে পরীক্ষা দিয়েছিল ১ হাজার ৮২ জন। তাদের মধ্যে পাস করেছেন ১ হাজার ৬৮ জন। অনুপস্থিত ছিল ৪ জন। গত বছরের তুলনায় এবার বেড়েছে অকৃতকার্যের সংখ্যাও। গত বছর অকৃতকার্য ছিল ৪ জন, এবার অকৃতকার্য হয়েছে ১০ জন।
জিপিএ-৫ ও পাসের হার দুটোই কমার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসেন মোল্লাহ্ প্রথম আলোকে বলেন, ‘কলেজে ক্লাস নিয়মিত হয়, শিক্ষকও আছেন। তবে কিছু ছাত্র অনিয়মিত থাকে। কলেজে দ্বিতীয় বর্ষে এসে তাদের প্রস্তুতি নেওয়ার কথা, সেখানে অনেকে ফাঁকি দেয়।’ তিনি বলেন, এক বছর ধরে কলেজে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ছাত্রদের উপস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি ক্লাসরুম ডিজিটাল করা হয়েছে। এ ছাড়া বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুবিধাসহ পরীক্ষাগার আছে। তারপরও কিছু শিক্ষার্থী অনুপস্থিত থাকে। আগামী বছর আরও ভালো ফল হবে বলে আশা করছেন তিনি।
এই কলেজ থেকে ব্যবসা শিক্ষা ও মানবিক শাখায় জিপিএ-৫ পেয়েছেন দুই শাখায় ছয়জন করে মাত্র ১২ জন। এ ব্যাপারে ঢাকা কলেজের অধ্যক্ষ বলেন, এই কলেজটি আসলে বিজ্ঞানভিত্তিক। বিজ্ঞানের শিক্ষার্থীই এখানে বেশি।
গতকাল বেলা ১১টা থেকেই শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে আসতে থাকেন। ক্ষণে ক্ষণে তাঁরা কলেজের অফিসকক্ষে গিয়ে খোঁজ করছিলেন কখন ফল বেরোবে। তবে মুঠোফোন ও ইন্টারনেটে ফলাফল দেখার ব্যবস্থা থাকায় অনেকে ক্যাম্পাসে আসেননি।
পরে পরীক্ষার ফল দেখতে পেয়ে কেউ যেমন আশা পূরণের আনন্দে ভেসেছেন, তেমনি কারও কারও আবার মনটা ভেঙেছে।
বিজ্ঞান শাখা থেকে জিপিএ-৫ পেয়েছেন আরাফাত শুভ। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার প্রস্তুতি ছিল। প্রস্তুতি অনুযায়ী কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়েছি।’
মানবিক শাখা থেকে জিপিএ-৫ পেয়েছেন নূর হোসেন। তিনি বলেন, ‘খুবই খুশি লাগছে। মানবিক থেকে জিপিএ-৫ পাওয়াটা তো বেশ কঠিন। এখন একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য প্রস্তুতি নিতে হবে।’
অভিভাবক নাজনীন আবেদীন ছেলের পরীক্ষার ফলাফল জানতে গতকাল ঢাকা কলেজ ক্যাম্পাসে এসেছিলেন। ছেলে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। নাজনীন আবেদীন প্রথম আলোকে বললেন, ‘প্রথমে আমার একটু নার্ভাস লাগছিল। কারণ, ওর এক বন্ধু একটু আগে রেজাল্ট পায়। সে পেয়েছে জিপিএ–৩.৮০। পরে যখন দেখলাম আমার ছেলে জিপিএ-৫ পেয়েছে, তখন খুব খুশি লাগল।’