আশা-সংশয়ে 'গণতন্ত্রের অভিযাত্রা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার নানাভাবে বাধা দেবে—এমনটি ধরে নিয়েই ২৯ ডিসেম্বরের ঢাকার দিকে অভিযাত্রার প্রস্তুতি নিচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। ‘প্রতিকূল’ পরিস্থিতির মধ্যেও সর্বোচ্চ জমায়েত করতে চায় তারা। তবে একতরফা নির্বাচনের মাত্র সাত দিন আগে সরকারের কঠোর অবস্থানের মুখে এই কর্মসূচি শেষ পর্যন্ত কতটুকু সফল হবে তা নিয়ে সংশয় আছে বিএনপির নেতাদের।

গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে আগামী রোববার (২৯ ডিসেম্বর) ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির সূত্র জানায়, দলটি মনে করছে শুধু হরতাল-অবরোধ দিয়ে নির্বাচন থেকে সরকারকে আর পিছু হটানো যাবে না। এ জন্য সারা দেশে একসঙ্গে একটি ঢেউ সৃষ্টি করতে হবে, যা মূলত আছড়ে পড়বে রাজধানীতে। এমনটি মাথায় নিয়েই ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

গত বছরের ১২ মার্চ এ ধরনের একটি কর্মসূচি পালন করেছিল বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। ওই কর্মসূচিকে কেন্দ্র করে সরকার ঢাকার সঙ্গে সারা দেশে সড়ক ও নৌ-যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছিল। নানামুখী বাধা সত্ত্বেও শেষ পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে সমাবেশ হয়েছিল।

বিএনপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, এবারের কর্মসূচিও যাতে সফল না হয়, সে জন্য সরকার সম্ভাব্য সব ধরনের চেষ্টা করবে, বাধা দেবে—এটি ধরে নিয়েই কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ঢাকা ও এর আশপাশের জেলাগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তাঁরা মনে করছেন, তৃণমূলের কর্মীরা ঢাকায় আসতে উদগ্রীব। ঢাকায় আসার ক্ষেত্রে যেখানেই বাধা দেওয়া হবে, সেখানেই অবস্থান শুরু করার ঘোষণা দেওয়া হতে পারে।

খালেদা জিয়ার একজন উপদেষ্টা প্রথম আলো ডটকমকে বলেন, ২৯ ডিসেম্বর সরকার বাধা না দিলে তা হবে সাধারণ ঘটনা। আর বাধা দিলে হবে অসাধারণ ঘটনা।

দেশের বিভিন্ন স্থানে যৌথবাহিনী অভিযান চালাচ্ছে। স্থানীয় প্রভাবশালী নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে, ২৯ ডিসেম্বরের কর্মসূচিকে সামনে রেখে এটি আরও বাড়তে পারে বলে বিএনপির নেতাদের আশঙ্কা। ২৬ ডিসেম্বর থেকে মাঠে নামছে সেনাবাহিনী। ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক বেশি কঠোর। ইতিমধ্যে বিএনপির চেয়ারপারসনের বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে অবরোধে বিভাগীয়-জেলা শহরগুলোতে নেতা-কর্মীদের পাওয়া গেলেও ঢাকার চিত্র ছিল উল্টো। নেতা-কর্মীদের তেমন কোনো তত্পরতা ছিল না। কেন্দ্রীয় শীর্ষ নেতারাও ছিলেন আত্মগোপনে। এমন বাস্তবতার মুখে ঢাকায় জমায়েত শেষ পর্যন্ত চূড়ান্ত সফলতা পাবে কি না—তা নিয়ে দলের অনেকের মধ্যেও সংশয় রয়েছে।

তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, এর আগে ‘ঢাকা চলো’ কর্মসূচিতে সরকার নানাভাবে বাধা দিয়েছিল। নেতা-কর্মীদের ঢাকায় আসতে দেয়নি। সেবার প্রত্যাশিত সফলতা আসেনি। কিন্তু এবার প্রেক্ষাপট পুরো ভিন্ন বলে তিনি মনে করেন। তিনি বলেন, দেশের একটি ক্রান্তিলগ্নে বিরোধীদলীয় নেতা এই আহ্বান জানিয়েছেন। যেকোনো মূল্যে তৃণমূলের কর্মীরা ঢাকায় আসতে চাইবেন।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান বলেন, ২৯ ডিসেম্বরে ঢাকায় জমায়েত স্মরণকালের সেরা জমায়েত হবে বলে তাঁরা মনে করছেন। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে পুলিশ বাধা দিলে বা আক্রমণ হলে দায় সরকারকে নিতে হবে। তিনি বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই। গণতন্ত্র না থাকলে কী কী হতে পারে, সেসব মাথায় রেখেই তাঁরা প্রস্তুতি নিচ্ছেন।

বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তারের পর থেকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিবসহ শীর্ষস্থানীয় অনেক নেতাই আছেন আত্মগোপনে। একই পথে হাঁটছেন অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর অনেক শীর্ষস্থানীয় নেতা। একতরফা নির্বাচনের আর মাত্র ১২ দিন বাকি। এ অবস্থায়ও আত্মগোপনে থেকে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা বা কর্মসূচি সফল করা কতটুকু সম্ভব—জানতে চাইলে দলের স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলো ডটকমকে বলেন, ‘বড় আন্দোলনের জন্য আমাদের অনেক নেতা আত্মগোপনে ছিলেন। এখন সে বড় আন্দোলনের সময়। এখন অবশ্যই তাঁরা মাঠে থাকবেন। আর না হলে কর্মসূচির সফলতা নিয়ে সংশয় বাড়বে।’