আশান্বিত হওয়ার তথ্য পাইনি: রিজওয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপহৃত স্বামী আবু বকর সিদ্দিকের উদ্ধার তৎপরতার বিষয়ে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘উদ্বিগ্ন নাগরিক বৃন্দ’র ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি : ইউসুফ সা’দ
অপহৃত স্বামী আবু বকর সিদ্দিকের উদ্ধার তৎপরতার বিষয়ে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘উদ্বিগ্ন নাগরিক বৃন্দ’র ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি : ইউসুফ সা’দ

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তাঁর অপহূত স্বামী আবু বকর সিদ্দিকের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে এখনো পর্যন্ত আশান্বিত হওয়ার কোনো তথ্য তিনি পাননি।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা বলেন। ‘উদ্বিগ্ন নাগরিকবৃন্দ’র ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমি আশা হারাচ্ছি না।’ তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমর্থন তিনি দৃশ্যত পেয়ে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারপারসন সুলতানা কামাল, নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন হামিদা হোসেন, তথ্য কমিশনার সাদেকা হালিম এবং সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।

সংবাদ সম্মেলনে আবু বকর সিদ্দিকের অপহরণে বিশিষ্ট নাগরিকেরা গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁকে দ্রুত ও অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানান।

গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে থেকে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকরকে অপহরণ করে। রিজওয়ানা হাসান এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।