আশাবাদের চেয়ে উদ্বেগ বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার সংরক্ষণের ক্ষেত্রে আশাবাদের চেয়ে উদ্বিগ্ন হওয়ার মতো ঘটনাই বেশি ঘটছে। এই মূল্যায়ন পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনের।গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের এই উদ্বেগের কথা জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে আদিবাসী দিবস পালনে প্রতিবন্ধকতামূলক সরকারি নির্দেশ প্রত্যাহার, আদিবাসীদের মানবাধিকার রক্ষায় সদিচ্ছা এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নে কমিশনের কাজে সরকারের সহায়ক ভূমিকা দাবি করা হয়।কমিশনের অন্যতম সহসভাপতি (কো-চেয়ারম্যান) সুলতানা কামাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এতে বলা হয়, সম্প্রতি সরকার স্থানীয় পর্যায়ের কতগুলো দপ্তর ও বিভাগ তিন পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে। পার্বত্য চট্টগ্রামের ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের প্রস্তাবও চূড়ান্ত করেছে। এই দুটি উদ্যোগ কমিশনের কাছে আশাবাদের।অপর দিকে, উদ্বেগ ও হতাশার বিষয় অনেক বেশি। যেমন: ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালনে সরকারিভাবে কোনো সহযোগিতা না দেওয়ার সিদ্ধান্ত হতাশার। কমিশনের কাজে পার্বত্য চট্টগ্রাম সফরের সময় বিভিন্ন সরকারি সংস্থার বাধা সৃষ্টির ঘটনা উৎকণ্ঠার। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ছয় মাসে পার্বত্য চট্টগ্রামে এক ডজনের বেশি আদিবাসী নারী পুনর্বাসিত বাঙালিদের নির্যাতনের শিকার হয়েছেন। এসব নির্যাতনের অধিকাংশই শ্লীলতাহানির ঘটনা। এসব বিষয়ে স্থানীয় প্রশাসনকে আরও সজাগ ও কার্যকর থাকতে আহ্বান জানিয়েছে কমিশন।এ ছাড়া আদিবাসীদের উসকানি দেওয়ার ভিত্তিহীন অভিযোগ তুলে বিদেশি নাগরিকদের পার্বত্য চট্টগ্রাম থেকে বহিষ্কার করা শুরু হয়েছে। গত ২২ জুলাই সুইডেনের নাগরিক ও পেশায় সাংবাদিক প্যারিলিলিয়াসকে বান্দরবান শহরে ঢোকার মুখে আটক করে ঢাকায় ফেরত পাঠানো হয়। গত ২৩ জুলাই কমিশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য টমাস এস্কিলসনকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। গত বছর বহিষ্কার করা হয়েছে জেরি অ্যালান নামের একজন ব্রিটিশ নাগরিককে।সংবাদ সম্মেলনে বলা হয়, প্রকাশিত খবরাখবর অনুযায়ী বিদেশিদের পার্বত্য চট্টগ্রাম ভ্রমণের ওপর সরকার কঠিন শর্ত আরোপ করেছে। বান্দরবানের আবাসিক হোটেল, কটেজ ও রিসোর্টের ব্যবস্থাপকদের কাছে পাঠানো চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে যে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া বিদেশিদের নামে যেন কোনো কক্ষ সংরক্ষণ (বুকিং) করা না হয়। এ বিষয়গুলো পার্বত্য চট্টগ্রামে নির্বিঘ্নে ও মুক্তভাবে চলাচলের ওপর প্রশাসনের অযাচিত হস্তক্ষেপ বলে প্রতীয়মান হচ্ছে। সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে সাতটি সুপারিশ তুলে ধরা হয়। এগুলো হচ্ছে—অবিলম্বে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করে পাহাড়ি-বাঙালিদের মধ্যে সম্প্রীতির পরিবেশ সৃষ্টি; বিশ্ব আদিবাসী দিবস পালনে সরকারি সহযোগিতা; কমিশনের কার্যক্রমের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার; বিদেশি নাগরিকদের বহিষ্কারের বিষয়ে সরকারি ব্যাখ্যাদান, ভবিষ্যতে এই কাজ থেকে বিরত থাকা ও টমাস এস্কিলসনকে বাংলাদেশে ঢুকতে না দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা; পার্বত্য চট্টগ্রামে এনজিওদের ওপর থেকে বৈষম্যমূলক নীতি প্রত্যাহার এবং ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’র পরিবর্তে ‘আদিবাসী’ শব্দটি প্রতিস্থাপন করে সংবিধান সংশোধন করা।সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য স্বপন আদনান, সারা হোসেন, ইফতেখারুজ্জামান, খুশী কবির এবং এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা উপস্থিত ছিলেন।