আশাব্যঞ্জক ছিল না ভোটার উপস্থিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি) বলছে, বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ছাড়া উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের অংশগ্রহণের মাধ্যমে প্রথম পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচন অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
১৯ ফেব্রুয়ারির চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন পর্যবেক্ষণ করে ইডব্লিউজি প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ইডব্লিউজি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের কাছে প্রতিবেদনের তথ্য প্রকাশ করেছে।
প্রথম ধাপের ৯৭টি উপজেলার মধ্যে ২৫টি উপজেলায় ইডব্লিউজি দুই হাজার ৩৫ জন পর্যবেক্ষক নিয়োগ করে। পর্যবেক্ষণ করা কেন্দ্রগুলোতে ভোট দেওয়ার গড় হার ৫৯ দশমিক ১৯ শতাংশ।
সংবাদ সম্মেলনে ইডব্লিউজির পরিচালক আবদুল আলীম লিখিত বক্তব্য পড়ে শোনান।
সংবাদ সম্মেলনে সোনাতলার উদাহরণ দিয়ে ইডব্লিউজির সদস্য হারুন-অর রশীদ বলেন, সেখানে যাঁরা ব্যালট পেপার ছিনতাই করেছেন তাঁরা সরকারদলীয় প্রার্থী বা প্রার্থীর সমর্থক। এ ক্ষেত্রে সরাসরি দলের প্রভাব কতটা ছিল তা বলা যাচ্ছে না।
সংবাদ সম্মেলনের লিখিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সংখ্যালঘু ও আদিবাসী ভোটারদের ভয় দেখানোর কোনো ঘটনা পর্যবেক্ষকেরা পাননি। পর্যবেক্ষণ করা কেন্দ্রগুলোতে ৬৩টি জাল ভোট পড়ে। ৩৮টি ঘটনায় অজ্ঞাত ব্যক্তিরা ব্যালট পেপার বা ব্যালট বাক্স ছিনতাই অথবা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেছেন। ৪০টি ঘটনায় ভোট গ্রহণকারী কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনী কোনো না-কোনোভাবে প্রার্থীর পক্ষে কাজ করেন। ১৬টি কেন্দ্রের ভোট গ্রহণ কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। ৪ দশমিক ৫ শতাংশ ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রার্থীর পক্ষে সমর্থকদের প্রচারণা চালাতে দেখা গেছে, যা নির্বাচনী আইনের পরিপন্থী। ভোটকেন্দ্রের ভেতরেও মোট ২০টি সহিংসতার ঘটনা এবং ভোটকেন্দ্রের বাইরে মোট ১১টি ঘটনা পর্যবেক্ষণ করেছেন পর্যবেক্ষকেরা।
লিখিত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ৯ দশমিক ৭ শতাংশ ভোটকেন্দ্রে কিছুটা উত্তেজনা বা অসন্তোষ বিরাজ করলেও বেশির ভাগ ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল।
ইডব্লিউজির পক্ষ থেকে বলা হয়েছে, সব জায়গায় নির্বাচন সুষ্ঠু বা সন্তোষজনক হবে না এটাই স্বাভাবিক। পর্যবেক্ষণ করা কেন্দ্রগুলোতে ৫ থেকে ১০ শতাংশ সহিংসতার ঘটনা ঘটেছে। তার পরও বলা যায়, নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে ভোটার উপস্থিতি আশাব্যঞ্জক ছিল না। প্রার্থীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা কম ছিল।
ইডব্লিউজির সদস্য রোকসানা খন্দকার বলেন, উপজেলা পরিষদকে নির্দলীয় নির্বাচন বলা হলেও যেভাবে বা প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে।