আশার আলো পাঠশালার ব্যতিক্রমী উদ্যোগ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ‘আশার আলো পাঠশালা’ নামের একটি সংগঠন গত বৃহস্পতিবার ব্যতিক্রমী উদ্যোগের মধ্য দিয়ে পালন করেছে বিশ্ব স্বেচ্ছাসেবক দিবস (ভলানটিয়ার ডে)। দিবসটি উপলক্ষে সংগঠনের সদস্যরা বাল্যবিবাহ, মাদক ও শিশুদের বিদ্যালয়ে পাঠানো ও নির্যাতন বন্ধে গ্রামবাসীকে সচেতন করতে বাড়ি বাড়ি যান।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ শিক্ষার্থী নিয়ে স্বেচ্ছাসেবক সংগঠনটি গঠিত। তাঁরা নিজেদের লেখাপড়ার পাশাপাশি এলাকার দুই শতাধিক দরিদ্র শিশুকে বিনা পয়সায় লেখাপড়া করান। এ ছাড়া কয়েক বছর ধরে তাঁরা এলাকায় মাদক, বাল্যবিবাহ প্রতিরোধেও শক্তিশালী ভূমিকা রাখছেন। এই সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবকরা বৃহস্পতিবার সকালে নাগেশ্বরীর রামখানা বাজারে পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে শুরু করেন দিনের কর্মসূচি। এ সময় এসব স্বেচ্ছাসেবক তরুণের সঙ্গে যোগ দেন স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও জনপ্রতিনিধিরা। এরপর ১০টি দলে ভাগ হয়ে ছড়িয়ে পড়েন গ্রামে গ্রামে। বাড়ি বাড়ি গিয়ে তাঁরা পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি স্বাস্থ্যসমঞ্চত নানা বিষয় নিয়ে আলোচনা করেন।