পুত্রসন্তানদের ভালো স্কুলে পড়াশোনা করাবেন—এ আশায় সাভারের একটি গার্মেন্টসে চাকরি নেন আশা রানী দাস। এ স্বপ্নে তিনি স্বামী, তিন সন্তানসহ বাড়ি ছেড়েছিলেন মাস ছয়েক আগে। আশা রানীর সেই আশা পূরণ হলো না। সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় তিনি নিহত হয়েছেন। তাঁর বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুরে। গত শুক্রবার বাড়িতে তাঁর লাশ পৌঁছে। একই গ্রামের জয়চরণ দাসের ছেলে জয়ন্ত দাস (১৮) সংসারের হাল ধরতে ও বড় দুই বোনকে বিয়ে দেওয়ার স্বপ্ন নিয়ে এক বছর আগে চাকরি নেন রানা প্লাজার একটি পোশাক কারখানায়। ওই দুর্ঘটনায় নিহত জয়ন্ত দাসের মরদেহ গত শুক্রবার সাভারের শ্মশানঘাটে দাহ করা হয়। সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় হবিগঞ্জের পাঁচজন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন ১০ জন।নিহত বাকি তিনজন হলেন পাহাড়পুর গ্রামের সুশীল দাসের মেয়ে সুফলা দাস (২৫), বানিয়াচং উপজেলার আড়িয়ামুগুড় গ্রামের বিজয় লাল বিশ্বাসের মেয়ে শর্মিলা দাস (২২) ও নোওয়াগাঁও গ্রামের অধীর দাসের মেয়ে প্রিতম দাস (৩০)। যাঁরা নিখোঁজ আছেন তাঁরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের সুমতা দাস, কবিতা রানী দাস, ভগবতী দাস, সুমিতা রানী দাস, সুশান্ত দাস (২০), বদেশ্বর দাস (৩০); বানিয়াচং উপজেলার করিমপুর গ্রামের নির্মলা রানী দাস, স্বপ্না রানী দাস; জিলুয়া গ্রামের পূরবী দাস (১৬) ও সুরভী দাস (১৪)। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়মুর বখত চৌধুরী জানান, সাভারে ভবন ধসের ঘটনায় তাঁর থানাধীন এলাকার তিনজন নিহত হয়েছেন এবং পাঁচ-ছয়জন নিখোঁজ আছেন। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্ত্তী দুজন নিহত ও কয়েকজন নিখোঁজ হওয়ার কথা নিশ্চিত করেছেন।