আশার কথা শোনাতে পারলেন না মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট ঘোষণা অনুষ্ঠানে ঘুরেফিরে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন কী পদক্ষেপ নিচ্ছে, সে প্রশ্ন উঠল। জবাবে মেয়র আ জ ম নাছির উদ্দীন সুস্পষ্ট কোনো অঙ্গীকার করলেন না। জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে মোট বাজেটের ২০ শতাংশ বরাদ্দ রাখার ঘোষণা দেওয়া ছাড়া নগরবাসীকে আশার কোনো কথা শোনাতে পারেননি তিনি।

গতকাল রোববার দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লায় নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে চলতি ২০১৭-১৮ অর্থবছরের জন্য ২ হাজার ৩২৭ কোটি ৬৭ লাখ টাকার বাজেট ঘোষণা করেন মেয়র। এর মধ্যে জলাবদ্ধতা-সংশ্লিষ্ট বিভিন্ন খাতে তিনি বরাদ্দ রেখেছেন ৪৬৭ কোটি ৫০ লাখ টাকা। বাজেট ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র জানান, জলাবদ্ধতা সমস্যা নিরসনের বিষয়টি অগ্রাধিকার তালিকার প্রথমেই রয়েছে।

কাল মঙ্গলবার স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের তিন মেয়রের বৈঠক হওয়ার কথা রয়েছে। জলাবদ্ধতার সমস্যা কেন হচ্ছে, কীভাবে এই দুর্ভোগ থেকে উত্তরণ সম্ভব এবং এ জন্য গৃহীত পদক্ষেপগুলো আগামী ১৭ আগস্ট সাংবাদিকদের সামনে তুলে ধরবেন বলে জানান মেয়র।

সিটি করপোরেশনের বাজেট বিশ্লেষণ করে দেখা যায়, বিদায়ী অর্থবছরে জলাবদ্ধতা খাতে বরাদ্দ ছিল ৩৪০ কোটি টাকা। কিন্তু শেষ পর্যন্ত বরাদ্দ মিলেছে ৭৩ কোটি ৬২ লাখ টাকা। এবার বরাদ্দ রাখা ৪৬৭ কোটি ৫০ লাখ টাকার মধ্যে ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত রাস্তাসমূহের উন্নয়ন এবং নালা, প্রতিরোধ দেয়াল, ব্রিজ ও কালভার্টের নির্মাণ/পুনর্নির্মাণ’ প্রকল্প ২০০ কোটি টাকা রাখা হয়েছে।

এ ছাড়া নগরের বহদ্দারহাটের বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত নতুন খাল খনন প্রকল্পে ১৮০ কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা আছে করপোরেশনের। এই দুটি প্রকল্পের টাকা আসবে সরকারি তহবিল থেকে।

চলতি অর্থবছরের বাজেটে খাল, ছড়া, নর্দমা থেকে মাটি উত্তোলনে ৬৭ কোটি ৫০ লাখ টাকা এবং খাল খননকাজে এক্সকাভেটর (খননযন্ত্র), ট্রাক ও অন্যান্য যন্ত্রপাতির পেছনে ২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই টাকা সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে খরচ করা হবে।

কিছু ‘কিন্তুর’ কারণে জলাবদ্ধতা নিরসনে মেয়র আ জ ম নাছির সুস্পষ্ট কোনো ঘোষণা দিতে পারেননি বলে মন্তব্য করেছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান দেলোয়ার মজুমদার। তিনি প্রথম আলোকে বলেন, চলতি অর্থবছরের জন্য এই খাতে রাখা বরাদ্দ একেবারে কম নয়। কিন্তু সরকারি অনুদানে নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়নে যে পরিমাণ অর্থ প্রয়োজন হয়, তা আমলাতান্ত্রিক জটিলতা এবং আইনি প্রতিবন্ধকতার কারণে সময়মতো পাওয়া যায় না। ফলে সামর্থ্য থাকলেও বাজেট বাস্তবায়ন করা সম্ভব হয় না।

মেয়র বাজেট বক্তৃতায় বলেন, নগরের খালগুলোর নাব্যতা বৃদ্ধির জন্য ২২টি সেতুর উচ্চতা বৃদ্ধি করা হবে। এ ছাড়া পাওয়ার চায়না নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রাথমিক প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ, জলকপাট এবং খালগুলো খননের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ভবিষ্যতে ড্রেনেজ মহাপরিকল্পনার সুপারিশ অনুযায়ী নতুন নালা নির্মাণ, নগরের শীতল ঝরনা থেকে নোয়াখাল পর্যন্ত নতুন খাল খনন, প্রস্তাবিত জলাধার এবং খালের মুখে পাম্পসহ জলকপাট নির্মাণ করার পরিকল্পনা রয়েছে বলে জানান মেয়র আ জ ম নাছির। কবে নাগাদ এসব প্রকল্প বাস্তবায়ন হবে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, সরকারের অর্থ বরাদ্দ সাপেক্ষে তা বাস্তবায়ন করা হবে।

এদিকে গতকালের বাজেট অধিবেশনে গত অর্থবছরের (২০১৬-১৭) ৬৬২ কোটি ৬৬ লাখ ১৮ হাজার টাকার সংশোধিত বাজেটও পেশ করা হয়। ওই অর্থবছরে মোট বাজেট ছিল ২ হাজার ২২৫ কোটি ৬৭ লাখ টাকার। বাজেট বাস্তবায়নের হার ২৯ দশমিক ৭৭ শতাংশ।