আশারচরে শুঁটকি উৎপাদনে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপথে সহজে যোগাযোগ আর কাঁচা মাছের সহজলভ্যতার কারণে শুঁটকি উৎপাদনের জন্য ব্যবসায়ীদের কাছে অতিপরিচিত আশারচর। তবে দেশের অন্যতম এ শুঁটকিপল্লিতে কয়েক বছর ধরে উৎপাদন কমছে। গত চার বছরের ব্যবধানে এখানে উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। চলতি মৌসুমের অর্ধেক সময় পেরিয়ে গেলেও মাত্র এক হাজার মণ শুঁটকি তৈরি হয়েছে।

চরের কয়েকজন জেলে ও ব্যবসায়ী বলেন, আগে আশারচরে প্রতি মৌসুমে অন্তত আট-দশ হাজার মণ শুঁটকি তৈরি হতো। তবে ক্রমেই এখানে মন্দা দেখা দিচ্ছে। এবার মাত্র ৭০ জনের মতো ব্যবসায়ী এসেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নির্বিচারে জাল জব্দ করায় আতঙ্কে আছেন জেলে ও ব্যবসায়ীরা। এ জন্য আশারচরে ব্যবসায়ীদের আনাগোনা কমে গেছে। এ ছাড়া সুপেয় পানির সংকট, চিকিৎসার অভাবসহ বসবাসে প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় এ চরে বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে, যা শুঁটকি উৎপাদনে প্রভাব ফেলছে।

বরগুনার তালতলী উপজেলা সদর থেকে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে আশারচরের অবস্থান। বঙ্গোপসাগরের তীরে এ চরের আয়তন প্রায় ১০০ একর। নভেম্বর থেকে মার্চ এই পাঁচ মাস শুঁটকি উৎপাদনের মৌসুম। বঙ্গোপসাগর ও মোহনা থেকে রূপসা, বাইন, ছুরি, লইট্টা, পোয়া, ফাইসা, তপসী, বৈরাগী, ফাইলসা, বিভিন্ন ধরনের চিংড়িসহ আরও অনেক নাম না জানা মাছ শিকার করে প্রাকৃতিক উপায়ে এখানে শুঁটকি তৈরি করা হয়। এ ছাড়া এখানকার ভুলা (ছোট চিংড়ি) মাছের শুঁটকি হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয়।

শুঁটকি ব্যবসায়ী শামসুল হক বলেন, ‘ব্যবসায় খুব মন্দা এইবার। আগে এইহানে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট দিয়া অন্তত ২০০ ব্যবসায়ী আইত। দিনরাত কাম করত দেড়-দুই হাজার লোক (শ্রমিক)। কিন্তু এইবার সাতক্ষীরা দিয়া একজন ব্যবসায়ীও আয় নাই। তাই ব্যবসায় ধস।’

কারণ কী? উত্তরে শামসুল বলেন, ‘সাগরে যে জাল দিয়া মাছ ধরে হেই জাল পোড়াইয়্যা দেয় কোস্টগার্ড। গেল বছর সব জেলের জাল পোড়ছে। অনেক লস অইছে। হেইতে এইবার অনেক জেলে-ব্যবসায়ীরাও আয় নাই। এত বছর ধইর‍্যা এই চরে শুঁটকি উৎপাদন অয় কিন্তু এই চরের দিকে কেউর নজর নাই।’

আরেক ব্যবসায়ী কবির আকন বলেন, গোটা দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় শুঁটকিপল্লি ছিল এখানে। কিন্তু মৎস্য বিভাগ ও সরকারের কোনো পৃষ্ঠপোষকতা না থাকায় দিন দিন উৎপাদন কমতে শুরু করেছে। এ বছর তিন-চার হাজার মণের বেশি শুঁটকি পাওয়া যাবে না।

শুঁটকিপল্লিতে কাজ করছেন প্রায় ৩০০ শ্রমিক। বালিয়াড়িতে ছোট্ট ডেরা বানিয়ে থাকেন তাঁরা। জেলে ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেল, তীব্র শীত, নোনা পানি আর মাছের দুর্গন্ধে তাঁদের রোগবালাই লেগে থাকে। বিশেষ করে শিশুদের অবস্থা খুবই কাহিল। কাছাকাছি খাওয়ার পানির জন্য কোনো গভীর নলকূপ নেই। রোগবালাই হলে চিকিৎসার জন্য তাঁদের প্রায় ১০ কিলোমিটার দূরে তালতলীতে ছুটতে হয়।

বানেছা আক্তার (৩৫), তালতলী উপজেলার নিদ্রা গ্রামের এই নারী শুঁটকিপল্লিতে মাছ শুকানোর শ্রমিক। স্বামী জামাল সরদার আর ছোট তিন ছেলেমেয়ে নিয়ে পাঁচজন মিলে এখানে শুঁটকি তৈরি করেন তাঁরা। বানেছার চোখে হতাশার ছাপ। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ‘এই পল্লিতে মাছ শুকানোর কাজ কইর‍্যা আগে যে ইনকাম অইত হেইয়্যা দিয়া হারা বছর চলন যাইত। আগে দৈনিক ২৫০ টাকাও দিনে আয় অইত। এহন ৬০-৭০ টাকার বেশি অয় না।’

বন বিভাগের সকিনা বিটের বিট কর্মকর্তা সজিব কুমার মজুমদার বলেন, পৃষ্ঠপোষকতার অভাবে এখানে শুঁটকি উৎপাদন গত কয়েক বছরে আশঙ্কাজনক হারে কমে গেছে।

জেলা প্রশাসক মুহা. বশিরুল আলম বলেন, ‘আশারচর শুঁটকি উৎপাদনের একটি অপার সম্ভাবনা কেন্দ্র। তবে এখানে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও অবকাঠামোর অভাব আছে। সম্ভাবনার বিষয়টি সরকারের নজরে আনার উদ্যোগ নেব।’