আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স চলছে একজন চিকিৎসক দিয়ে
সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলছে একজন দন্ত চিকিৎসক দিয়ে। তিনি ছুটিতে গেলে ৩১ শয্যার এ হাসপাতাল এক রকম অচল হয়ে পড়ে। উপজেলার প্রায় তিন লাখ মানুষ সরকারিভাবে এ হাসপাতালের চিকিৎসা সেবার ওপর নির্ভরশীল।এদিকে মুঠোফোনে স্বাস্থ্যসেবার বিষয়টি উপজেলার অধিকাংশ মানুষ জানে না। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এখানে চিকিৎসকের নয়টি পদ রয়েছে। এর মধ্যে পাঁচটি পদ তিন বছরের বেশি সময় ধরে শূন্য। বাকি চারজন চিকিৎসকের মধ্যে একজন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা। তাঁকে প্রশাসনিক কাজে ব্যস্ত থাকতে হয়। একজন অবেদনবিদ (অ্যানেসথেসিস্ট)। হাসপাতালে তেমন কাজ না থাকায় তিনি আসেন না। অন্যজন গাইনি চিকিৎসক। তিনি দুই সপ্তাহ আগে এখানে যোগদান করে সাত দিনের ছুটি নিয়ে এখন অনুপস্থিত আছেন। বর্তমানে দন্ত চিকিৎসক দিয়ে চলছে হাসপাতালটি।সরেজমিনে গত শনিবার বেলা ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে একজন চিকিৎসককেও পাওয়া যায়নি। কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মধুসূধন বিশ্বাস জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা প্রভাষ চন্দ্র সরকার সাতক্ষীরা সিভিল সার্জন অফিসে একটি প্রশিক্ষণে গিয়েছেন। দন্ত চিকিৎসক ছুটিতে। স্বাস্থ্য কমপ্লেক্স চলছে কীভাবে জানতে চাইলে তিনি বলেন, ‘সব ওপর ওয়ালার ইচ্ছা। জরুরি বিভাগ বন্ধ। বহির্বিভাগে দুজন স্বাস্থ্য সহকারী রোগী দেখছেন।’বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা অনিল চক্রবর্তী (৭০) বলেন, ‘গত দুই মাস ধরে ডাক্তার দেখাতে আসছি। ডাক্তারের দেখা পাইনে। রোগেরও কোনো উন্নতি হয় না। আর্থিক সচ্ছলতা না থাকায় অন্য কোথাও যেতে পারিনে।’আন্তবিভাগে গিয়ে দেখা যায়, অধিকাংশ শয্যা খালি। কর্তব্যরত জ্যেষ্ঠ সেবিকা কৃষ্ণ রাহুত জানান, ১৫ জন রোগী ভর্তি রয়েছে।স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা আশাশুনি গদাইপুর গ্রামের কাদের মোল্যা, তোয়ারডাঙ্গা গ্রামের চারমিনা খাতুন ও রমেশা খাতুন বলেন, এ হাসপাতালে মুঠোফোনে চিকিৎসা দেওয়া হয় তা তারা জানেন না। কখনো শোনেননি।উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা প্রভাষ চন্দ্র সরকার মুঠোফোনে জানান, এখানে অনেক দিন ধরে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নেই। ২০১০ সালের জুলাই মাসে উপজেলার ১১টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ পাওয়া ১১জন সহকারী সার্জনের মধ্যে তিনজন এই হাসপাতালে কর্মরত থাকলেও বর্তমানে তাঁদের মধ্যে একজন মাতৃকালীন ছুটিতে। অন্য দুজনের মধ্যে একজন প্রায়ই অনুপস্থিত থাকেন। আরেকজন মাঝেমধ্যে আসেন। হাসপাতালের চিকিৎসকের নয়টি পদ থাকলেও তিনিসহ আছেন চারজন। এর মধ্যে অবেদনবিদ হাসপাতালে আসেন না। তিনি মাস শেষে বেতনের জন্য একদিন আসেন। গাইনি চিকিৎসক ১৫ দিন আগে যোগদান করেই ছুটি নিয়েছেন। ফলে তিনি আর দন্ত চিকিৎসক ছাড়া উপায় থাকে না। প্রায় প্রতিদিন তাঁকে প্রশাসনিক কাজ বা প্রশিক্ষণে ব্যস্ত থাকতে হয়। মুঠোফোনে চিকিৎসাসেবা প্রসঙ্গে তিনি বলেন, কারও প্রয়োজন হলে তাঁর মুঠোফোনে কল করেন। মুঠোফোনে চিকিৎসা পাওয়া যায় এ প্রচারণা হিসেবে তাঁরা বহির্বিভাগের টিকিটে মুঠোফোনের নম্বর লিখে দিয়ে থাকেন। তিনি দাবি করেন, এত কিছুর পরও স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো অসুবিধা নেই। ভালোই চলছে।