আশাশুনিতে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ একজন নিহত
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত ব্যক্তি হলেন শ্রীউলা গ্রামের আফিলউদ্দীন সরদারের ছেলে আবদুল হাকিম সরদার (৫৫)।
শ্রীউলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা জানান, ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর চাচাতো ভাই আওয়ামী লীগের কর্মী আবদুল হাকিম সরদারের পারিবারিক বিরোধ চলছিল। নূর মোহাম্মদ আওয়ামী লীগের একটি পক্ষের নেতৃত্ব দেন। আবদুল হাকিম দলের কোনো পদে না থাকলেও বেশ প্রভাবশালী ছিলেন। তিনিও দলের স্থানীয় একটি পক্ষের নেত্বত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নূর মোহাম্মদের পক্ষের কর্মী আবদুর রহমানের দায়ের করা একটি মামলায় গত বুধবার আদালত থেকে আবদুল হাকিমসহ ২২ জন আসামি জামিন পান। এরপর আদালত চত্বরে আবদুল হাকিমের পক্ষের সমর্থকদের সঙ্গে নূর মোহাম্মদের সমর্থকদের সংঘর্ষ বাধে। এ সময় একটি দেশীয় অস্ত্রসহ নূর মোহাম্মদের পক্ষের সদস্য আল মুজাহিদকে আটক করে পুলিশ।
গতকাল সকাল নয়টার দিকে আবদুল হাকিম তাঁর কয়েকজন সমর্থককে নিয়ে চিংড়িঘেরে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় নূর মোহাম্মদের পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রসহ রাস্তায় হাকিম ও তাঁর সমর্থকদের ওপর হামলা চালান। এ সময় তাঁরা প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে নূর মোহাম্মদের সমর্থকেরা আবদুল হাকিমকে বল্লম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেন। পরে তাঁরা হাকিমের সমর্থক আনারুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। এ সময় আবদুল হাকিমের পক্ষের ছয়জন গুরুতর আহত হন।
আহত ব্যক্তিরা হলেন শ্রীউলা গ্রামের মফিজুর রহমান (৩০), আনারুল ইসলাম (১৮), ইউনুস আলী সরদার (১৯), বাবলুর রহমান (২৪), বাবু গাজী (৩০) ও আবদুছ ছালাম (৪৫)। আহত ব্যক্তিদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরার কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার তাজুল ইসলাম আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবদুস সেলিম (২৫) ও বাবর আলীকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ মামলা করেননি।