আশাশুনিতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল নয়টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার তেঁতুলিয়া বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে আশাশুনি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলী হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানান, কাদাকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমানের সঙ্গে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সবুর গাজীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগে থেকেই রাজনৈতিক বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে সবুর গাজীর লোকজন মোকামখালী গ্রামের কালাম সরদার ও ছালাম সরদারকে মারধর করেন। এরই জের ধরে গতকাল সকাল নয়টার দিকে মিজানুরের লোকেরা রামদা, চাকু, চায়নিজ কুড়ালসহ ধারালো অস্ত্র নিয়ে তেঁতুলিয়া বাজারে আসা সবুর গাজীর বাবা নূর মোহম্মদ গাজীর ওপর হামলা চালায়। খবর পেয়ে সবুর গাজীর ভাই, আত্মীয়স্বজনসহ অন্যরা ঘটনাস্থলে এলে সংঘর্ষ বাধে।

ঘণ্টাব্যাপী সংঘর্ষে শফিকুল গাজী (৩৭), শাহীন গাজী (১২), আবদুস সালাম গাজী (২৩), আবদুর রউফ গাজী (৪০), ইসমাইল গাজী (২৫), নুরুল ইসলাম (৩০), নূর মোহামঞ্চদ গাজী (৬৫), আবদুল আলিম (১৬), রিপন (১৪) ও কামরুল ইসলামসহ (১৯) ১২ জন আহত হন। তাঁদের মধ্যে শাহীন গাজী ও সফিকুল গাজীকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা ২৫০ শয্যা হাসাপাতালে স্থানান্তর করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) তাজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুটি রামদা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোসলেম আলী ও সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আগে থেকে ঘটনাস্থলে পুলিশ থাকার পরও সংঘর্ষ হওয়ায় দায়িত্ব অবহেলার অভিযোগে আশাশুনি থানার এএসআইকে সাতক্ষীরা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এ ব্যাপারে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।