আশাশুনিতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আশরাফ আলী ফকির (৪০) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে গদাইপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গদাইপুরে বর্তমান চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহনেওয়াজ ডালিম ও সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল কুদ্দুসের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। গতকাল বিকেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষ কমপক্ষে ২৫টি বোমার বিস্ফোরণ ঘটনায়। দেশি অস্ত্রে সজ্জিত হয়ে পাল্টাপাল্টি হামলায় কমপক্ষে ১০ জন আহত হন।
রুহুল কুদ্দুস জানান, শাহনেওয়াজ ডালিমের নেতৃত্বে তাঁর শতাধিক লোক লাঠি ও বোমা নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাঁরা ইট, তির-ধনুক ও গুলতি নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেন। নিজেদের ছোড়া বোমায় আশরাফ আলী ফকির নামের ডালিমের পক্ষের একজন নিহত হন। এ সময় তাঁদের পক্ষের টুকু সরদার (৩৮), জাকির মোল্লা (৩২), মজিদ মোল্লা (৩৫) ও সবুজ মোল্লা (২৬) আহত হন।
শাহনেওয়াজ ডালিমের পক্ষের মফিজুর ইসলাম জানান, রুহুল কুদ্দুস ও সাবেক ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম মোল্লার নেতৃত্বে শতাধিক লাঠিয়াল বোমা নিয়ে তাঁর লোকদের ওপর হামলা চালান। এ সময় বোমা হামলায় তাঁর পক্ষের আশরাফ আলী ফকির আহত হন। হাসপাতালে নেওয়ার সময় তাঁর মৃত্যু হয়। হামলায় তাঁদের পক্ষের ১০ জন গুরুতর আহত হন।
আশাশুনি থানার ওসি আহসান হাবিব জানান, পাল্টাপাল্টি হামলার ঘটনায় খাজরা ইউপির বর্তমান চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম পক্ষের আশরাফ আলী ফকির নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।