আশাশুনিতে একজন খুন, আহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনিতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে শহীদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার গদাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই গ্রামের মৃত এন্তাজ আলী মোল্যার ছেলে কাপড় ব্যবসায়ী শহীদুল ইসলামের সঙ্গে ১৩ শতক জমির একটি পুকুর নিয়ে প্রতিবেশী মোকছেদ মোল্যা ও বাবু মোল্যার বিরোধ চলে আসছিল। সম্প্রতি মোকছেদ মোল্যার দখলে থাকা ওই পুকুরটি শহীদুল ইসলামের নামে নিবন্ধন করা হয়। এরপর থেকে শহীদুল ইসলাম জমিটির দখল ছেড়ে দেওয়ার জন্য মোকছেদ মোল্যাকে অনুরোধ করে আসছিলেন। এ নিয়ে বুধবার সন্ধ্যায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোকছেদ মোল্যা ও বাবু মোল্যাসহ তাঁদের স্বজনেরা শহীদুলের বাড়িতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।সংঘর্ষে শহীদুলসহ কমপক্ষে ১২ জন আহত হন। আহত ব্যক্তিদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ওই দিন রাতেই শহীদুলকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।গতকাল সকাল ১০টার দিকে শহীদুলকে খুলনার ৫০০ শয্যার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারী বলেন, শহীদুলের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই সামছুর রহমান বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন। আসামি মোকছেদ মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছে।