জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এক গৃহবধূর শরীর এসিড মেরে ঝলসে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সাতক্ষীরার আশাশুনি উপজেলার পশ্চিম খাজরা গ্রামে এ ঘটনা ঘটে। এসিড-সন্ত্রাসের শিকার ওই গৃহবধূর নাম নাসিমা খাতুন (৩০)। তিনি পশ্চিম খাজরা গ্রামের আবদুর রাজ্জাক সরদারের স্ত্রী।নাসিমা খাতুন অভিযোগ করেন, পশ্চিম খাজরা গ্রামের নদীর চরে ২৪ শতক জমিতে ২০ বছর ধরে তাঁরা বসবাস করছেন। ওই গ্রামের আবদুল মাজেদ কয়েক মাস আগে থেকে ওই জমি তাঁর দাবি করে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। রোববার সকাল আটটার দিকে আবদুল মাজেদ ও তাঁর ভাই মো. লাভলুর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন লোক তাঁদের ওই জমি দখল করতে আসে। এ সময় তাঁর স্বামী রাজ্জাক বাড়িতে ছিলেন না। বাধা দিতে এলে আসামিরা তাঁকে (নাসিমা খাতুন) লক্ষ্য করে এসিড ছুড়ে মারে। এতে তাঁর ডান হাত ও পিঠের তিনটি স্থান এসিডদগ্ধ হয়। পরে স্থানীয় জনগণ তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে ।সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক চিকিত্সক মধুসূদন মণ্ডল জানান, নাসিমার শরীর এসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। ব্র্যাকের পক্ষ থেকে রোববার বিকেল তিনটার দিকে তাঁকে চিকিত্সার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।আবদুর রাজ্জাক সরদার জানান, তিনি রোববার আশাশুনি থানায় আবদুল মাজেদ ও মো. লাভলুর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাই সরকার জানান, এ ঘটনায় আবদুর রাজ্জাকের লিখিত অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে মো. লাভলু জানান, তাঁরা নাসিমা খাতুনের ওপর এসিড ছোড়েননি ।