আশাশুনিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে সোমবার রাতে ফাইমা খাতুন (২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি ওই গ্রামের আবদুল লতিফ গাজীর স্ত্রী।ফাইমা খাতুনের বাবা খুলনার পাইকগাছা উপজেলার ভৈরবডাঙ্গা গ্রামের আবুল কাসেম জানান, বছর দেড়েক আগে আবদুল লতিফ গাজীর সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। বিয়ের সময় জামাইকে যৌতুক হিসেবে ৩০ হাজার টাকা দেওয়া হয়। এরপর বছর না পেরুতেই ব্যবসা করার জন্য মেয়েকে আরও ৫০ হাজার টাকা নিয়ে দিতে বলেন। এ টাকা না চাওয়ায় তাঁকে নানাভাবে নির্যাতন করা হতো। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে জামাই তাঁকে পিটিয়ে মেরে ফেলেন। পরে গলায় দড়ি লাগিয়ে লাশ ঘরের আড়ায় ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছেন বলে প্রচার করেন। আবদুল লতিফ গাজী জানান, ফাইমা খাতুন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি তাঁকে নির্যাতন করতেন না। আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।