আশাশুনিতে ঘরে ঢুকে স্বামীকে খুন, স্ত্রীকে জখম
সাতক্ষীরার আশাশুনি উপজেলার সরাফপুর গ্রামের বাড়িতে ঢুকে গতকাল শুক্রবার সন্ধ্যায় দুর্বৃত্তরা জাকির হোসেন নামের (২৭) এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে। এ সময় তাঁর স্ত্রী মেহেরুন্নেচ্ছাকে (২২) কুপিয়ে জখম করা হয়।
নিহত জাকির হোসেন সরাফপুর গ্রামের জহিরউদ্দিন সরদারের ছেলে।
আশাশুনির শোভনালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলমগীর হোসেন জানান, গতকাল সন্ধ্যায় জাকির হোসেন তাঁর ঘরে ঘুমাচ্ছিলেন। সাড়ে ছয়টার দিকে কে বা কারা ঘরে ঢুকে তাঁকে কুপিয়ে হত্যা করে। তাঁর স্ত্রী মেহেরুন্নেচ্ছাকেও দা দিয়ে কুপিয়ে আহত করে। প্রতিবেশীরা বিষয়টি জানার পর আশাশুনি থানায় খবর দেন।
আশাশুনি থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেহেরুন্নেচ্ছাকে আহত অবস্থায় উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে। কী কারণে কারা তাঁর স্বামীকে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।